রিওতে আবারও অঘটন, বাদ পড়লেন সেরেনা!

রিও অলিম্পিকে আর কিছু না হোক টেনিসে একের পর এক অঘটন উপহার দিয়েই যাচ্ছে। ছেলেদের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ হেরেছেন প্রথম রাউন্ডেই। আজ বিদায় বললেন মেয়েদের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামসও! তৃতীয় রাউন্ডের খেলায় ইউক্রেনের এলিনা সভিতোলিনার কাছে সরাসরি সেটে হেরেছেন লন্ডন অলিম্পিকে সোনাজয়ী সেরেনা।
টেনিসে অঘটনের শুরুটা প্রথম রাউন্ড থেকেই শুরু হয়েছে। প্রথমে মেয়েদের এককে হেরেছিলেন ভেনাস উইলিয়ামস। এরপর দ্বৈতেও হেরে যান উইলিয়ামস বোনেরা। সে ধাক্কা সামলানোর আগেই বিদায় বলেন জোকোভিচও। তবু সেরেনার হারটি বড় এক ধাক্কা হয়েই এল। মাত্র উইম্বলডন জিতে আসা সেরেনা তো রিওতে আসার আগে জীবনের অন্যতম সেরা ফর্মে ছিলেন।
আজ কোয়ার্টার ফাইনালে পৌছানোর লড়াইয়ে ফেবারিট সেরেনাকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন সভিতোলিনা। বিশ্ব র্যাঙ্কিংয়ে ২০ নম্বরে থাকা এই ইউক্রেনিয়ান এই প্রথম জিতলেন সেরেনার বিপক্ষে। এর আগে চারবার মুখোমুখি হয়ে প্রতিবারই পরাজিত হয়েছিলেন ২১ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়।
এই পরাজয় দিয়ে রিও থেকে খালি হাতে ফেরা নিশ্চিত হলো সেরেনার। সূত্র: এএফপি।