রিওতে জ্বলল 'বোরিকুয়া' আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিক কারবারকে হারিয়ে সোনা! পুয়ের্তোরিকোর মেয়ে মনিকা পুচের যেন সেটি বিশ্বাসই হচ্ছিল না! l রয়টার্স
অ্যাঞ্জেলিক কারবারকে হারিয়ে সোনা! পুয়ের্তোরিকোর মেয়ে মনিকা পুচের যেন সেটি বিশ্বাসই হচ্ছিল না! l রয়টার্স

দেশের পতাকা গায়ে জড়িয়ে দৌড়ে বেড়াচ্ছেন পুরো কোর্ট। গাল বেয়ে গড়িয়ে নামা নোনা জলের মধ্যে মিশে আছে গর্ব, আনন্দ আর তৃপ্তি! মনিকা পুচের নিজেরই যে বিশ্বাস হচ্ছিল না, কী কীর্তি তিনি গড়ে ফেলেছেন! মাত্রই দেশকে ইতিহাসের প্রথম অলিম্পিক সোনা এনে দিয়েছেন। পুয়ের্তোরিকোর প্রথম নারী হিসেবে অলিম্পিক পদক জয়ের আনন্দটা মুড়ে দিয়েছেন সোনালি আভায়।
পুচ নামটি অপরিচিত ঠেকছে? র্যা ঙ্কিংয়ে ৩৪ নম্বর এই পুয়ের্তোরিকান তো নিজেকে এর আগে পরিচিত করতেও পারেননি। পরশু রাতে মেয়েদের টেনিসের এককে অ্যাঞ্জেলিক কারবারকে ৬-৪, ৪-৬, ৬-১ সেটে হারানোর পরই তাঁর নামটি জানার দরকার পড়ল। তখনই সবাই জানতে পারলেন, প্রাথমিকভাবে ‘পুইগ’ মনে হলেও এই পুয়ের্তোরিকান টেনিস খেলোয়াড়ের নামের উচ্চারণ আসলে পুচ!
পেত্রা কেভিতোভাকে হারিয়ে ফাইনালে ওঠার পরই টুইট করেছিলেন, ‘যে স্বপ্নের মতো সময় কাটছে, সেটি থেকে যেন কখনো জাগতে না হয়।’ জাগতে চাইবেনই বা কেন পুচ? দেশের ইতিহাসের প্রথম সোনার ডাক যে তখনই শুনতে পাচ্ছিলেন। রোগে-শোকে-দারিদ্র্যে ভোগা দেশের মানুষকে আনন্দে ভাসানোর উপলক্ষ হাতছাড়া করতে চাননি ২২ বছর বয়সী তরুণী।
পুচের স্বপ্ন ভাঙতে পারেননি কারবার। বিশ্বের ২ নম্বর খেলোয়াড়কে হারিয়ে দিয়ে প্রায় ৩৬ লাখ পুয়ের্তোরিকানের দারিদ্র্যক্লিষ্ট জীবনে একটুখানি গর্বের স্বাদ এনে দিলেন পুচ, ‘জানি, আমার দেশ এ জয়টি খুব করে চেয়েছে। আমার তো মনে হয়, একটি জাতিকে ঐক্যবব্ধ করেছি আমি। যেখান থেকে এসেছি, সে জায়গাকে ভালোবাসি আমি।’
অনুশীলনের সুবিধার জন্য দেশ ছেড়ে এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকেন। কিন্তু দেশের প্রতি ভালোবাসায় এখনো টান পড়েনি। সেই ভালোবাসাই পরশু বড় শক্তি হয়ে উঠল পুচের জন্য। ক্যারিয়ারে মাত্র একটি এটিপি ট্যুরজয়ীর সামনে তাই দাঁড়াতেই পারলেন না কারবার, ‘এই প্রতিযোগিতা আমার জীবনের সেরা মুহূর্ত। আমার সবকিছু দিয়ে হলেও এটি চেয়েছি আমি। মনপ্রাণ ঢেলে কোর্টে লড়েছি।’
মনপ্রাণ দিয়ে লড়েছেন বলেই বোধ হয় শেষ সেটে কারবারকে রীতিমতো উড়িয়ে দিতে পারলেন ৬-১ গেমে। ম্যাচ শেষে তাঁর এমন পারফরম্যান্সের পেছনে পুয়ের্তোরিকান মানসিকতার অবদানও দেখেন, ‘আমি খুব আগ্রাসী খেলোয়াড়। বোরিকুয়া আগুন আছে আমার মাঝে।’
পুয়ের্তোরিকোর আদি নাম ‘বোরিকুয়া’ শব্দটির অর্থ হলো ‘সাহসী ও মহান শাসক’। ‘মহান শাসক’দের এই দেশটিই এখন নানা সমস্যায় জর্জরিত। প্রায় ৭০০ কোটি ডলার ঋণের ভারে নুয়ে আছে। আছে জিকা ভাইরাসের প্রকোপও। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, প্রতিদিন গড়ে ৫০ জন করে সন্তানসম্ভবা মা আক্রান্ত হচ্ছেন জিকায়। পরশুর ফাইনালটি তাই শুধুই একটি ফাইনাল ছিল না পুচের জন্য, এ যে ছিল দেশের মানুষদের মুখে হাসি ফোটানোর উপলক্ষ!
এমন উপলক্ষেই তো জ্বলবে ‘বোরিকুয়া’ আগুন। তাহলে কারবারের আর সুযোগ থাকে কোথায়? সূত্র: এএফপি, রয়টার্স।