রিওতে দ্বিতীয় সোনা জেতা হলো না নাদালের

শুক্রবারই বন্ধু মার্ক লোপেজকে সঙ্গে নিয়ে দ্বৈতের সোনা জিতেছিলেন। রিও অলিম্পিকের টেনিসে এককের সোনার মেডেলটাও গলায় পরার স্বপ্ন হয়তো দেখতে শুরু করেছিলেন রাফায়েল নাদাল। কিন্তু স্বপ্নটা পূরণ হলো না। হতে দিলেন না হুয়ান মার্টিন দেল পোত্রো। আর্জেন্টাইন টেনিস তারকা আজ এককের সেমিফাইনালে হারিয়ে দিয়েছেন নাদালকে।
তিন ঘণ্টা ৮ মিনিটের ‘মহাকাব্যিক’ লড়াইয়ে নাদালকে ৫-৭, ৬-৪, ৭-৬ (৭/৫) সেটে হারিয়েছেন র্যাঙ্কিংয়ে ১৪১ নম্বরে থাকা দেল পোত্রো।
দেল পোত্রোর র্যাঙ্কিং দেখে চমকে যাওয়ার কিছু নেই। ২০০৯ ইউএস ওপেনজয়ী র্যাঙ্কিংয়ে এমন হতশ্রী দশা ফর্মের পড়তি নয়, বরং একের পর কবজির চোটের কারণে। একটা সময় তো মনে হচ্ছিল খেলাই হয়তো ছেড়ে দিতে হবে। তবে দেল পোত্রো ফিরে এসেছেন। এখন স্বপ্ন দেখছেন অলিম্পিক সোনা জয়েরও।
যে লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ ২০১২ অলিম্পিকের সোনাজয়ী অ্যান্ডি মারে। জাপানের কেই নিশিকোরিকে ৬-১, ৬-৪ সেটে হারিয়ে ফাইনালে উঠে গেছেন ব্রিটিশ টেনিস তারকা। এবার সোনা জিতলে অলিম্পিক টেনিসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এককের সোনা ধরে রাখবেন মারে।
মারে বা দেল পোত্রো যে-ই জিতুন, নাদালকে সেটি এখন শুধু চেয়ে চেয়েই দেখতে হবে। কে জানে, হয়তো ২০০৮ বেইজিংয়ে এককের সোনা জয়ের স্মৃতিটা মনে করে গোপনে দীর্ঘশ্বাসও ফেলবেন। সূত্র: এএফপি।