রিয়াল-ভক্ত নাদালের বার্সেলোনা জয়

এক চাচা তো তাঁর কোচ হিসেবে বিখ্যাত হয়ে আছেন। টনি নাদাল। আরেক চাচা মিগুয়েল নাদালও কিন্তু নিজ পরিচয়ে বিখ্যাত। বার্সেলোনায় ৮ বছর খেলেছেন। ইয়োহান ক্রুইফের সেই স্বপ্ন দলের অন্যতম সদস্য ছিলেন। ১৯৯২ সালে বার্সেলোনার প্রথম ইউরোপিয়ান কাপ জয়ী দলের খেলোয়াড়ও। আর সেই নাদাল বংশের উত্তরসূরি রাফায়েল কিনা পাঁড় রিয়াল মাদ্রিদ–ভক্ত!
রিয়ালের প্রতি নিজের অন্ধ ভালোবাসার কথা নাদাল কখনোই লুকোননি। তাই বলে বার্সেলোনা কিন্তু কখনোই মুখ ফিরিয়ে নেয়নি। গতকালও যেমন বার্সেলোনা ওপেনের ফাইনালে অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম ৬-৪, ৬-১ গেমে উড়িয়ে দিলেন। বার্সেলোনা ওপেনে এটি তাঁর দশম শিরোপা। মাটির কোর্টে ৫১তম!
২০০৫ থেকে টানা ৫ বছর, এরপর ২০১১ থেকে টানা তিন বছর বার্সেলোনা ওপেন জিতেছিলেন নাদাল। সর্বশেষ জিতলেন গত দুই বছর। মন্টে কার্লো মাস্টার্সের পর এখানকার শিরোপা নাদালকে ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। রোলাঁ গাঁরোতে দশম শিরোপা জয়ের মিশন শুরু করবেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠা নাদাল। একটিও সেট না হেরে বার্সেলোনা ওপেন জেতা নাদাল আবারও সেই ছন্দ ফিরে পাচ্ছেন বলেই মনে হচ্ছে। ২০১৪ সালের পর আরও একটি গ্র্যান্ড স্লাম শিরোপা হাতছানি দিয়েই ডাকছে তাঁকে।
এই পথে বড় বাধা পুরোনো বন্ধু রজার ফেদেরারই। অস্ট্রেলিয়ার ফাইনালে নাদালকে হারানো ফেদেরার দুই মাসের লম্বা ছুটিতে ছিলেন। কিন্তু নাদাল প্যারিসে নিজের দুর্গে আবারও পতাকা ওড়ানোর ঘোষণা যখন দিচ্ছেন, সেই সময় কোর্টে ফেরার ঘোষণা দিলেন ফেদেরার। জানিয়ে দিলেন, শক্তি জমিয়ে রেখে আবারও ফিরে আসছেন কোর্টে।
আরও একটি নাদাল-ফেদেরার দ্বৈরথ হলে মন্দ কী!