রূপচর্চা করেন না শারাপোভা!

মারিয়া শারাপোভা দারুণ সুন্দরী হতে পারেন। সৌন্দর্যের বর্ণচ্ছটায় উদ্ভাসিত করতে পারেন তাঁর চারপাশ। কিন্তু তিনি যে দিনশেষে একজন খেলোয়াড়, তাঁর ভাবনাজুড়ে সব সময়ই থাকে এই ব্যাপারটিই। অবাক হতে পারেন, বিস্ময়ে বিমূঢ় হতে পারেন, অবিশ্বাসও করতে পারেন, কিন্তু শারাপোভা নিজেই বলেছেন তিনি রূপচর্চা তাঁর কাছে সময় নষ্ট করার মতোই এক ব্যাপার; বরং তিনি তাঁর নির্দিষ্ট খাদ্যাভ্যাসের মাধ্যমে নিজেকে টেনিস কোর্টের লড়াইয়ের জন্য রাখেন সদা প্রস্তুত।
একটি মার্কিন পত্রিকার কাছে দেওয়া সাক্ষাত্কারে শারাপোভা বলেছেন, সব সময়ই তিনি টেনিস কোর্টে নিজের পারফরম্যান্স নিয়ে ভাবেন। রূপচর্চা করার সময় তাঁর হাতে একেবারেই থাকে না। রূপচর্চা করে যে সময়টুকু নষ্ট হবে, সেই সময়টুকু টেনিস নিয়ে ভাবলেই বরং উপকার।’
কিন্তু তাঁর রূপ-সৌন্দর্য তিনি বজায় রাখেন কীভাবে। এই প্রশ্নের জবাবে রুশ টেনিস তারকার সোজা-সাপটা উত্তর, ‘খাদ্যাভ্যাস’—আমি একটি নির্দিষ্ট খাদ্যাভ্যাস খুব কঠিনভাবে অনুসরণ করার চেষ্টা করি।’ এই খাদ্যাভ্যাস কিন্তু না খেয়ে থাকা নয়; বরং শরীরের প্রয়োজনীয় প্রায় প্রতিটি উপাদানই নিয়মিতই থাকে তাঁর তিন বেলার খাবারে।
শারাপোভা জানিয়েছেন, একজন টেনিস খেলোয়াড় অনুশীলন ও খেলা মিলিয়ে প্রতিদিন যে ধরনের পরিশ্রম করে, তাতে তার শরীরের শর্করা ও আমিষের সমন্বয় খুবই জরুরি। তাই তার দৈনন্দিন খাদ্যতালিকায় শর্করা ও আমিষ নির্দিষ্ট পরিমাণে থাকে সব সময়ই।
শারাপোভা তাঁর তিন বেলার খাদ্যতালিকারও বর্ণনা দিয়েছেন ওই মার্কিন পত্রিকায়, ‘সকালে আমি অবশ্যই গোট চিজ খাব। সেই সঙ্গে রাই টোস্ট আমার সকালের খাবারের নিয়মিত অনুষঙ্গ। সকালেই আমি আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে যেকোনো ধরনের লাল মাংস খাই।’
দুপুরে তাঁর খাবারের তালিকায় নাকি অবশ্যই থাকে স্যুপ, ‘আমরা রাশিয়ানরা স্যুপ খুব ভালোবাসি। বিভিন্ন ধরনের স্যুপ দিয়ে আমি আমার দুপুরের মেন্যু সাজাই। সেই সঙ্গে থাকে মুরগির মাংস।’
রাতের বেলাতেও তাঁর খাদ্যতালিকায় আমিষ থাকে। তবে সেটা অবশ্যই যেকোনো ধরনের মাছ, সেই সঙ্গে ভাত ও আলু, ‘স্যামনটাই বেশি খাই। স্যামন মাছ আমার খুব প্রিয়। ভাত-আলুও থাকে রাতের তালিকায়।’
শারাপোভা এমনিতে মাখন-রুটি কিংবা চকলেট খান, তবে যেকোনো প্রতিযোগিতা চলার সময় সেটা বর্জনের তালিকাতেই রাখেন।
ম্যাচের আগে তিনি কোনো মেকআপ করেন না বলেই জানিয়েছেন, ‘ম্যাচের আগে পোশাক পাল্টানো আর চুলটাতে পনিটেইল বাঁধা ছাড়া আমার খুব বেশি কাজ নেই। আমি যত তাড়াতাড়ি সম্ভব কোর্টের আশপাশে যেতে চাই। যতটা তাড়াতাড়ি সম্ভব খেলার দিকে মনোযোগী হতে চাই।’ সূত্র: ইউএস ম্যাগাজিন ডটকম।