রোজওয়ালের রেকর্ডও ভাঙবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন রোজওয়ালের ৪৫ বছরের রেকর্ডটা ভাঙতে পারবেন ফেদেরার বা নাদাল? l ফাইল ছবি
কেন রোজওয়ালের ৪৫ বছরের রেকর্ডটা ভাঙতে পারবেন ফেদেরার বা নাদাল? l ফাইল ছবি

প্রায় ৪৫ বছর ধরে অক্ষত রেকর্ডটা। ১৯৭২ সালে কেন রোজওয়াল যখন অস্ট্রেলিয়ান ওপেন জেতেন, বয়স ৩৭ বছর ২ মাস ১ দিন। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড হয়ে গেল ওটা। কিন্তু তখন মনে হয়নি রেকর্ডটা বেশি দিন টিকবে।

রোজওয়াল নিজেই তো ১৯৭৪ সালে উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন, দুটিতেই হেরেছেন ২২ বছর বয়সী জিমি কনর্সের কাছে। কিন্তু তবু মনে হচ্ছিল, কেউ না কেউ তো রেকর্ডটা ভেঙে দেবেনই। অথচ কেউই তা পারেননি। জিমি কনর্স, পিট সাম্প্রাস, আন্দ্রে আগাসি—কেউ না।

তাহলে কি অক্ষতই থেকে যাবে রোজওয়ালের রেকর্ড? মনে হয় না। কে জানে, ফেদেরার বা নাদালের কেউই হয়তো ভেঙে দেবেন তাঁর রেকর্ড। চিকিৎসাবিজ্ঞান এতই এগিয়েছে যে শিগগিরই ৪০ বছর বয়সী কাউকে গ্র্যান্ড স্লাম জিতলে দেখতেও অবাক হওয়ার কিছু থাকবে না। এই ধারণাটা বিল নরিসের। ভদ্রলোক এটিপির চিকিৎসা বিভাগের সাবেক পরিচালক। প্রায় ৩৫ বছর ধরে খেলোয়াড়দের হাড় ভাঙা থেকে শুরু করে যাবতীয় চোটের সমস্যা নিয়ে কাজ করছেন। রোজওয়াল থেকে শুরু করে রজার ফেদেরার পর্যন্ত সবাইকে নিয়ে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, ‘আমার মনে হয় না এটা (৪০ বছর বয়সী কোনো খেলোয়াড়ের গ্র্যান্ড স্লাম জেতা) খুব দূরের ব্যাপার। এটা খুবই সম্ভব।’

কারণটাও ব্যাখ্যা করলেন নরিস, ‘রোজওয়াল যখন ১৯৭৪ সালের ফাইনালগুলো খেলেন, তাঁর বয়সের তুলনায় তিনি অবিশ্বাস্য ছিলেন। কিন্তু এখনকার খেলোয়াড়দের হাতের কাছেই ক্রীড়াবিজ্ঞানের যাবতীয় সুবিধা। আমরা খেলোয়াড়দের শরীর সম্পর্কে আরও বেশি জানি। খেলোয়াড়েরা জানে, কীভাবে তৈরি হতে হবে।’

ক্রীড়াবিজ্ঞানের এই সুবিধাটুকুর ফলও চোখের সামনেই। ছেলেদের সর্বশেষ তিনটি গ্র্যান্ড স্লামই জিতেছেন ৩০-এর বেশি বয়সী খেলোয়াড়েরা। গত বছর ইউএস ওপেন জিতেছেন স্টান ভাভরিঙ্কা। এই বছর অস্ট্রেলিয়ান ওপেন রজার ফেদেরার, ফ্রেঞ্চ ওপেন রাফায়েল নাদাল—তিনজনেরই বয়স ত্রিশের বেশি। এবার উইম্বলডনটাও যদি কোনো ত্রিশোর্ধ্ব খেলোয়াড় জেতেন, তাহলে ৪৮ বছর পর টানা চারটি গ্র্যান্ড স্লাম জিতবেন ত্রিশের বেশি বয়সী খেলোয়াড়। সেই সম্ভাবনা অবশ্য ভালোই আছে। চতুর্থ রাউন্ডে ওঠা ১৬ জনের মধ্যে সাতজনের বয়সই তো ত্রিশের বেশি। ত্রিশের বেশি বয়সে টানা চারটি গ্র্যান্ড স্লাম জেতার সর্বশেষ ঘটনাটি ১৯৬৯ সালে। সেই বছরের চারটি গ্র্যান্ড স্লামই জিতেছিলেন ৩১ বছর বয়সী রড লেভার।

ক্রীড়াবিজ্ঞানের এগিয়ে যাওয়ার প্রমাণ অবশ্য মেয়েদের টেনিসে এরই মধ্যে মিলেছে। ১৯৯০ সালে ৩৩ বছর ২৬৩ দিন বয়সে উইম্বলডন জিতে মেয়েদের টেনিসে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড গড়েছিলেন মার্টিনা নাভ্রাতিলোভা। ২০১৫ সালে ৩৩ বছর ২৮৯ দিন বয়সে উইম্বলডন জিতে সেই রেকর্ড ভেঙে দেন সেরেনা উইলিয়ামস। পরে নিজের রেকর্ড নিজেই ভাঙেন এ বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে। পরে জানা যায়, ৩৫ বছর ৪ মাস ২ দিন বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি হাতে নেওয়ার সময় তিনি প্রায় মাস দুই মাসের অন্তঃসত্ত্বা!

প্রমাণ আরও আছে। ২০০৯ ও ২০১২ সালে দুবার রাফায়েল নাদাল এমন ভয়াবহ চোটে পড়েছিলেন, মনে হচ্ছিল তাঁর ক্যারিয়ার বুঝি শেষই হয়ে গেল! কিন্তু সেই নাদালই ফিরে এসেছেন প্রবল প্রতাপে। এ বছর ফ্রেঞ্চ ওপেনও জিতেছেন। খেলোয়াড়েরা যাতে টানা খেলার ধকল সামলে শরীরকে বিশ্রাম দিতে পারেন, সে জন্য বিশ্ব টেনিসের সূচিটাও এখন করা হচ্ছে অনেক ভেবেচিন্তে।

যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস খেলোয়াড় ব্র্যাড গিলবার্ট তাই বলেছেন, ‘একটা সময় ছিল, যখন ৩০ পেরোলেই আপনি ক্যারিয়ারের সায়াহ্নে চলে আসতেন। আপনার শেষ গোনা শুরু হয়ে যেত। আর এখন, বয়স শুধুই একটা সংখ্যা। ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখুন, ৩২ বছর বয়স। এ মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার। টম ব্রাডির তো ৪০ হতে চলল, অথচ সে বিশ্বের সেরা কোয়ার্টার ব্যাক (আমেরিকান ফুটবলে)। রজার ফেদেরারেরও তো প্রায় ৩৬। এখন খেলোয়াড়েরা বিশ্বাস করতে শুরু করেছেন, ওদের পক্ষে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব, উন্নতি করা সম্ভব।’

কেন রোজওয়ালের রেকর্ড ভাঙাটা কি তাহলে শুধুই সময়ের ব্যাপার? রয়টার্স।