লাল দুর্গে নাদালের 'লা দেসিমা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রফি হাতে আপ্লুত নাদাল। ছবি-রয়টার্স
ট্রফি হাতে আপ্লুত নাদাল। ছবি-রয়টার্স

জন্মসূত্রে তিনি স্পেনের নাগরিক। তবে রাফায়েল নাদাল বোধ হয় চাইলে এখন নিজেকে ফরাসি নাগরিক হিসেবেও দাবি করতে পারেন। প্যারিসের লাল দুর্গকে তো এক অর্থে নিজের ঘরই বানিয়ে ফেলেছেন কিংবদন্তি এ টেনিস খেলোয়াড়। ফ্রেঞ্চ ওপেনে একাই ১০ বার চ্যাম্পিয়ন হয়েছেন, ভাবা যায়! নাদালের ‘লা দেসিমা’ এল গতকাল, ২০১৫ সালের চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কাকে ৬-২, ৬-৩, ৬-১ গেমে সরাসরি হারিয়ে। 

এই প্রথম কোনো খেলোয়াড় একটা নির্দিষ্ট গ্র্যান্ড স্লাম ১০ বার জিতলেন! ২০০৫ সালে আর্জেন্টিনার মারিয়ানো পুয়ের্তাকে হারিয়ে শুরু হয়েছিল রোলাঁ গারোঁতে তাঁর রাজত্ব। টানা চারবার জেতার পর মাঝে ২০০৯ সালে রজার ফেদেরার কাছে মুকুট হারান। পরের বছরই আবার সেটা উদ্ধার করে ধরে রাখেন টানা আরও চার বছর! ২০১৪ সালের পর প্রথম কোনো গ্র্যান্ড স্লাম জিতলেন পুরুষদের টেনিসের এই সাবেক এক নম্বর। কাল প্যারিসের ফাইনালে ভাভরিঙ্কা আসলে দাঁড়াতেই পারেননি নাদালের সামনে।
৩১ বছর বয়সী নাদালের এটা ১৫তম গ্র্যান্ড স্লাম। তাঁর চেয়ে তিনটি গ্র্যান্ড স্লাম বেশি জিতে ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডটা নিজের করে রেখেছেন রজার ফেদেরার। সুইস কিংবদন্তি তাঁর ১৮ নম্বর গ্র্যান্ড স্লামটা কিন্তু জিতেছিলেন এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদালকে হারিয়েই। এএফপি।