লি না ও ঝেংয়ের পর পেং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেং শুয়াইয়ের সেমিফাইনালে ওঠার উচ্ছ্বাস l এএফপি
পেং শুয়াইয়ের সেমিফাইনালে ওঠার উচ্ছ্বাস l এএফপি

চেষ্টা করে যাও, সাফল্য আসবেই! ৩৭ বারের চেষ্টায় প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠে চিরন্তন এই কথাটা আরেকবার প্রমাণ করে দিলেন পেং শুয়াই।
চীনা মেয়ের গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে অভিষেক সেই ২০০৪ সালে, উইম্বলডনে। সেই থেকে এবারের ইউএস ওপেন তাঁর ৩৭তম গ্র্যান্ড স্লাম। আর ৩৭তম বারে এসেই প্রথমবারের মতো জায়গা করে নেন গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে। পরশু সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচকে হারিয়ে এগিয়ে গেছেন আরও এক ধাপ। ৬-২, ৬-১ গেমে জিতে পেং তৃতীয় চীনা হিসেবে উঠেছেন গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে। তাঁর আগে গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলেছেন চীনের আর কেবল লি না ও ঝেং জি। পেংয়ের মতো বেনচিচও গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন প্রথম। কিন্তু সুইস মেয়েকে থেমে যেতে হলো সেখানেই।
মাত্র ৬৪ মিনিটে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে সেমিতে পা রাখার পর ২৮ বছর বয়সী পেং ছিলেন উচ্ছ্বসিত, ‘৩৭তম গ্র্যান্ড স্লাম, রোমাঞ্চটা একটু বেশিই। আমি টেনিস ভালোবাসি। খেলতে ভালোবাসি। কিন্তু ক্যারিয়ারের হিসাবে সময়টা একটু লম্বাই। এটা ছিল কঠিন। কখনো কখনো মনে হয়েছে খেলাটা থামিয়ে দিই। কারণ আমি জানতাম না, আমি এটা পারব কি না। আমার কোচ এবং আমার পরিবার সব সময়ই আমাকে বলেছে লড়াই করতে এবং আশা না ছাড়তে—আজ তা সত্যি হলো।’
সেমিতে তাঁর প্রতিপক্ষ সাবেক এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকি। ওজনিয়াকিও ঘুচিয়েছেন দীর্ঘ অপেক্ষা, ইতালির সারা ইরানিকে হারিয়ে চার বছর পর উঠেছেন সেমিতে। তাঁর জয়টা ৬-০, ৬-১ গেমে।
আজারেঙ্কার বিদায়: এদিকে কাল গত দুবারের রানারআপ ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছেন রাশিয়ার একাতেরিনা মাকারোভা। এএফপি।