পরশু এজন ওপেনের পুরুষ দ্বৈতে স্পেনের মার্সেল গ্রানোলার্সকে নিয়ে কোর্টে নেমে অন্য রকম একটা ‘সেঞ্চুরি’ করেছেন লিয়েন্ডার পেজ। ছুঁয়েছেন এক শতম জুটির মাইলফলক। অর্থাৎ মার্সেল গ্রানোলার্স হলেন কোটে তাঁর শততম জুটি। টেনিসে এটি অবশ্য বিরল কোনো ঘটনা নয়। তাঁর আগে কোর্টে ১০০তম জুটি বেঁধেছেন ৪৬ জন খেলোয়াড়। কিন্তু এত জুটি বদলের পরও সাফল্যের দিক থেকে সবার ওপরে ভারতের টেনিস তারকা। ৫০টির বেশি শিরোপা ও ৭০০-এর বেশি ম্যাচ জেতা পুরুষ দ্বৈতের প্রথম খেলোয়াড়ের নাম লিয়েন্ডার পেজ!
গত ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই অষ্টম খেলোয়াড় হিসেবে ম্যাচ জয়ের ৭০০-এর মাইলফলক ছুঁয়েছিলেন। ইংল্যান্ডে চলমান এজন ওপেনের পুরুষ দ্বৈতের প্রথম রাউন্ডে ৩-৬, ৬-২, ১১-৯ গেমে ট্রিট হুয়ে এবং লিপস্কি জুটির বিপক্ষে জিতেছেন। শততম জুটির মাইলফলক ছোঁয়া নিয়ে পেজ খুবই উচ্ছ্বসিত, ‘২৫ বছরে ১০০তম জুটি নিয়ে খেলতে পারা সৌভাগ্যের ব্যাপারই।’ রয়টার্স, ফক্স স্পোর্টস।