শব্দবিভ্রাটেই মারের হার!

প্রথম তিন সেটের দুটিতেই জিতেছেন। চতুর্থ সেটের তৃতীয় গেমে এসে ‘ব্রেক’ করার সুযোগ পেয়ে গিয়েছিলেন। কিন্তু আর্থার অ্যাশ স্টেডিয়ামে হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটল শব্দযন্ত্রে। অ্যান্ডি মারে সেই যে খেই হারিয়ে ফেললেন, আর খেলায় ফিরতে পারলেন না। প্রায় মুঠো গলে বেরিয়ে যাওয়া ম্যাচটা ধরে ফেললেন কেই নিশিকোরি। প্রায় চার ঘণ্টার রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পর মারেকে হারিয়ে উঠে গেলেন ইউএস ওপেনের সেমিফাইনালে। যেখানে তাঁর প্রতিপক্ষ সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কা।
এই তো কদিন আগেই অলিম্পিকে মারের কাছে হারতে হয়েছে নিশিকোরিকে। কে জানত, এত তাড়াতাড়ি প্রতিশোধের সুযোগ পেয়ে যাবেন? প্রথম তিন সেটের পর নিশিকোরিও হয়তো ভাবেননি। প্রথম তিন সেটের দুটি জিতে নেওয়া মানে তো সেমিফাইনালের দিকে মারের একটু একটু করে এগিয়ে যাওয়া। এরপর আর্থার অ্যাশের শব্দযন্ত্রের গোলমালে ওই বিকট আওয়াজ। ম্যাচ রেফারি ওই পয়েন্টটা আবার খেলার নির্দেশও দেন। কিন্তু মারে ওই গেমটা আর ব্রেক করতে পারেননি। ওই সেট জিতলেন নিশিকোরিই, শেষ পর্যন্ত ম্যাচ জিতেছেন ১-৬, ৬-৪, ৪-৬, ৬-১, ৭-৫ গেমে।
বৃষ্টির জন্য দ্বিতীয় সেট থেকে খেলাটি হয় ছাদের নিচে। ওই সেটেই মারের ছন্দপতন হয়, আর সেটটি জিতে নেন নিশিকোরি। স্টেডিয়ামের শব্দযন্ত্র এই ইউএস ওপেনেই এর আগে বিগড়ে গিয়েছিল একবার। পরশু মারের জন্য সেটি যেন ছিল সাক্ষাৎ ‘অভিশাপ’। এরপর যে টানা সাতটি গেম হেরেছেন! ব্যাপারটা সহজভাবে নিতে পারেননি অলিম্পিকজয়ী ব্রিটিশ। পরে টুর্নামেন্ট রেফারি ওয়েইন ম্যাকেনের কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছেন তিনি। তবে হারের অজুহাত হিসেবে ওটাকে আবার দাঁড় করাননি, ‘আমি নিজের সাধ্যমতো চেষ্টা করেছি। তবে হেরেছি বলে আমি হতাশ নই।’ এ বছর এর আগে তিনটি গ্র্যান্ড স্লামেরই ফাইনালে উঠেছিলেন। ইতিহাসে মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্লামেরই ফাইনালে ওঠার সুযোগটা তাঁর হাতছাড়া হলো।
মারে কান্নাভেজা চোখে কোর্ট ছাড়েননি, তবে শেষ আট থেকে হুয়ান মার্টিন দেল পোত্রোর বিদায়টা ছিল অশ্রুসিক্ত। কবজির চোটে আর্জেন্টাইন খেলোয়াড়ের ক্যারিয়ারের শেষ বলেই ধরে নিয়েছিলেন অনেকে। সেই দেল পোত্রো অলিম্পিকে জোকোভিচ-নাদালদের হারিয়ে জিতেছেন রুপা। পরশু ভাভরিঙ্কার সঙ্গেও জোর লড়াই চালিয়ে শেষ পর্যন্ত হেরে গেছেন ৭-৬ (৭/৫), ৪-৬, ৬-৩, ৬-২ গেমে। শেষ পর্যন্ত চোখের জলেই বিদায় নেওয়ার সময় বললেন, ‘অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। ম্যাচটা আমি হেরে গেছি, কিন্তু এটা মনে রাখব সব সময়।’ ২০০৯ সালে ইউএস ওপেন জিতেছিলেন, ক্যারিয়ারের নতুন অধ্যায়ের শুরু কি হলো এখান থেকেই? এএফপি।