শারাপোভাকে উড়িয়েই দিলেন সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলবোর্নের কোর্টে ৩৪ বছর বয়সী সেরেনার ‘কৈশোরীয় চাঞ্চল্য’। আমেরিকান টেনিস তারকাকে রুখবে কে? l এএফপি
মেলবোর্নের কোর্টে ৩৪ বছর বয়সী সেরেনার ‘কৈশোরীয় চাঞ্চল্য’। আমেরিকান টেনিস তারকাকে রুখবে কে? l এএফপি

কেন বারবার পরাজয়? উত্তরটা জানা নেই মারিয়া শারাপোভার। সেরেনা উইলিয়ামসের ধারাবাহিক শ্রেষ্ঠত্বের কাছে আরেকটি নতজানু পারফরম্যান্সের পর রুশ টেনিস তারকা বলেই ফেললেন, ফিরে গিয়ে তাঁকে আবার গবেষণা করতে হবে, খুঁজে বের করতে হবে ‘সেরেনা-গেরো’ খোলার সমাধান।
সর্বশেষ ১২ বছর ধরে সেরেনার কাছে হেরে চলেছেন। অস্ট্রেলিয়ান ওপেনে গতকাল শেষ আটের ম্যাচটিসহ টানা ১৮টি ম্যাচে হেরেছেন। সেরেনাকে আটকাতে গেলে তো নতুন কিছুই করতে হবে তাঁকে! মেলবোর্ন পার্কে ৬-৪, ৬-১ গেমে হারের পর খুবই হতাশ শারাপোভা। তবে এর মধ্যেও প্রতিপক্ষের কাছ থেকে খুঁজে নিচ্ছেন অনুপ্রেরণা, ‘সে (সেরেনা) অন্য পর্যায়ের টেনিস খেলছে। শুধু আমাকেই নয়, অন্যদেরও পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বাধ্য করছে, পরিশ্রম করাচ্ছে, এটাই অনুপ্রেরণাদায়ী।’
তাই যদি হয়, বাড়তি পরিশ্রমের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে পারেন আগ্নিয়েস্কা রাদভানস্কাও। সেমিফাইনালে সেরেনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন পোলিশ এই খেলোয়াড়। কোয়ার্টার ফাইনালে রাদভানস্কা ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে।
মেয়েদের অন্য দুটি কোয়ার্টার ফাইনাল হবে আজ, যেখানে জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার মুখোমুখি হবেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা, আর ব্রিটেনের জোহানা কন্টা খেলবেন ঝ্যাং সুয়াইয়ের বিপক্ষে। এএফপি।