শারাপোভাকে টপকে সেরেনা

কয়েক দিন আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরে গেছেন গারবিনিয়ে মুগুরুজার কাছে। তবে অন্য একটা ক্ষেত্রে পরশু ‘জিতলেন’ সেরেনা। মারিয়া শারাপোভাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা নারী ক্রীড়াবিদ এখন এই আমেরিকান টেনিস তারকা। গত সোমবার অর্থবিষয়ক সাময়িকী ফোর্বস প্রকাশ করেছে এই তালিকা।
গত ১১ বছর ফোর্বস-এর এই তালিকায় শীর্ষস্থানে ছিলেন ডোপ টেস্টে ধরা পড়ে আপাতত টেনিসের বাইরে থাকা মারিয়া শারাপোভা। এক ধাপ পিছিয়ে এবার দুইয়ে অবস্থান তাঁর। গত বছরের ১ জুন থেকে এ বছরের ১ জুন পর্যন্ত খেলোয়াড়দের পারিশ্রমিক, প্রাইজমানি, বোনাস এবং এনডোর্সমেন্ট থেকে প্রাপ্ত অর্থের হিসাবে সবার ওপরে সেরেনা উইলিয়ামস। গত এক বছর তাঁর আয় ২ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার। এই সময়ে শারাপোভার আয় সেরেনার চেয়ে ৭০ লাখ ডলার কম। গত বছর সর্বোচ্চ আয় করেছেন, এমন ১০ নারী ক্রীড়াবিদের তালিকায় টেনিস তারকাদের জয়জয়কার। তিন নম্বরে কিক বক্সার রোন্ডা রোউসি ও চারে কার রেসার ড্যানিকা প্যাট্রিকের বাইরে বাকি সবাই টেনিস খেলোয়াড়। টাইমস অব ইন্ডিয়া।