শারাপোভার পর সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঘটনের মিছিল! আগের দিন দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা হেরে গেছেন অষ্টম বাছাই ক্যারোলিন ওজনিয়াকির কাছে। ডব্লুটিএ ফাইনালসে কাল হেরে গেলেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। ৬-০, ৬-২। রোমানিয়ার সিমোনা হালেপের বিপক্ষে স্কোরলাইনটা দেখলে মনে হবে, কোর্টের সেরেনা ছিলেন আসল সেরেনার ছায়া।
তবে এক পরাজয়েই বছর শেষের ডব্লুটিএ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ছেন না সেরেনা কিংবা শারাপোভা। লাল ও সাদা এই দুই ভাগে ভাগ হয়ে ১৭ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টে খেলছেন প্রতিযোগীরা। রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে হওয়া গ্রুপপর্ব শেষে গ্রুপের সেরা দুইয়ে থাকতে না পারলে তাহলেই টুর্নামেন্ট শেষ। আনা ইভানোভিচ, ইউজিনি বুশার, হালেপদের লাল গ্রুপে এটি ছিল সেরেনার দ্বিতীয় ম্যাচে। আগের ম্যাচে তিনি জিতেছিলেন ইভানোভিচের সঙ্গে। আর পরশুর ম্যাচটিই ছিল শারাপোভার প্রথম। বছর শেষের এই টুর্নামেন্টে অংশ নেন বছরের সেরা আট নারী খেলোয়াড়। চারটি গ্র্যান্ড স্লামসহ বছরের মোট ১৬টি টুর্নামেন্টের পারফরম্যান্সের ভিত্তিতেই বেছে নেওয়া হয় প্রতিযোগীদের। এএফপি।