শারাপোভার মন খারাপ হতেই পারে
যে ওষুধ নিয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন টেনিস তারকা মারিয়া শারাপোভা, সেই মেলডোনিয়াম নিয়েও ছাড় পেয়ে গেলেন রুশ সাঁতারু ইউলিয়া এফিমোভা। রিও অলিম্পিকে খেলার জন্য আকুল শারাপোভার মন তো খারাপ হতেই পারে। ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী এফিমোভা গত মার্চে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে। তবে পরশু সাঁতারের বিশ্ব সংস্থা ফিনা সব অভিযোগ থেকে মুক্তি দিয়েছে এই নারী সাঁতারুকে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় অলিম্পিকে যেতেও বাধা রইল না এফিমোভার। রাশিয়ার জাতীয় দলের সাঁতার কোচ সের্গেই কোলেমোনগোরভ বলেছেন, রিওতে যাচ্ছেন ২৪ বছর বয়সী সাঁতারু। গত মে মাসে বিশ্ব ডোপবিরোধী সংস্থা ওয়াডা নিষেধাজ্ঞা তুলে নিলেও আটকে ছিল শুধু ফিনার ছাড়পত্র। এএফপি।