শারাপোভার ফেরা

তাঁর ফেরা নিয়ে স্পষ্টতই দুই ভাগ টেনিস বিশ্ব। নোভাক জোকোভিচ স্বাগত জানিয়েছেন। পুরুষ টেনিসের এক নম্বর অ্যান্ডি মারে আয়োজকদের সমালোচনা করেছেন ওয়াইল্ড কার্ড দিয়ে তাঁকে খেলার সুযোগ দেওয়ায়। ইউজিনি বুশার তো শারাপোভার প্রত্যাবর্তন মানতেই পারছেন না। কানাডিয়ান টেনিস তারকা তো বলেই দিলেন, ‘প্রতারক’ শারাপোভাকে আজীবন নিষিদ্ধ করা উচিত ছিল।
পাঁচটি গ্র্যান্ড স্লামের মালিক শারাপোভা অবশ্য গায়ে মাখছেন না কিছুই; না সমালোচনা, না প্রশংসা, ‘মানুষ কী বলবে আমি সেটা ঠিক করে দিতে পারি না। আমি পারি শুধু ওখানে (কোর্টে) খেলতে। আমার পারফরম্যান্সই আমার হয়ে কথা বলবে।’ পরশু স্টুটগার্ট গ্রাঁ প্রিতে প্রত্যাবর্তন ম্যাচে ইতালির রবার্তা ভিঞ্চিকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে প্রমাণও দিয়েছেন ১৫ মাসের নিষেধাজ্ঞা তাঁর খেলার ধার কমাতে পারেনি। গতকাল স্বদেশি একাতেরিনা মাকারোভাকে হারিয়ে শারাপোভা উঠেছেন তৃতীয় রাউন্ডে। রয়টার্স।