শিকড়ের টানে খেলতে বাংলাদেশে

গুগলে রায়না লাল নামটি লিখে সার্চ দিলে খুব বেশি তথ্য হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে ইউটিউবে খুঁজে পাওয়া যাবে ৪৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপিংস। টেনিস কোর্টে অনুশীলনে মগ্ন রায়না লাল কী দুর্দান্তভাবেই না ফোরহ্যান্ড শট খেলছে!
যুক্তরাষ্ট্রের টেনিস খেলোয়াড় রায়নার রক্তেই মিশে আছে টেনিস। বর্তমানে ক্যালিফোর্নিয়ায় মা-বাবার সঙ্গে থাকছে ১৩ বছর বয়সী রায়না। সেখানে নিয়মিত খেললেও এবার শিকড়ের টানে বাংলাদেশে এসেছে। ঢাকার রমনা টেনিস কমপ্লেক্সে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ আইটিএফ (আন্তর্জাতিক টেনিস ফেডারেশন) চ্যাম্পিয়নশিপ। রায়না এবার অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। তবে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবে না রায়না। লাল-সবুজের পতাকা গায়ে জড়িয়ে খেলবে এবারের চ্যাম্পিয়নশিপে।
রায়নার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তার জন্ম ও বেড়ে ওঠা সবই যুক্তরাষ্ট্রে, কিন্তু বাংলাদেশ তার হৃদয়ে। বাবা শিবু লাল যে বাংলাদেশের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। ডেভিস কাপে বাংলাদেশের হয়ে একাধিকবার খেলেছেন শিবু লাল। বাংলাদেশের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে একসময় বেশ দাপটের সঙ্গেই খেলতেন। তবে তিন বছর ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টেই খেলছেন না শিবু লাল।
রাজবাড়ীর এই খেলোয়াড় পরিবার নিয়ে ঢাকাতেই স্থায়ীভাবে থাকতেন। কিন্তু জীবিকার টানে বাংলাদেশ ছেড়ে ১৮ বছর আগে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই পরিচয় ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালের নার্স ডন ডুপিরাকের সঙ্গে। বিয়ে করে সেখানেই থিতু হয়েছেন শিবু লাল। তিন কন্যার মধ্যে সবার ছোট রায়নাই বেছে নিয়েছে বাবার প্রিয় খেলাটা। শিবু নিজেও যুক্তরাষ্ট্রে একটি টেনিস ক্লাবের সঙ্গে যুক্ত। ক্যালিফোর্নিয়া ও এর আশপাশের শিশু-কিশোরদের টেনিস শেখাচ্ছেন তিনি। রায়নার কোচও শিবু লালই।
বাবা বাংলাদেশি হলেও রায়না একদমই বাংলা বলতে পারে না। ভাঙা ভাঙা বাংলায় শুধু দুটি বাক্য শিখেছে ঢাকায় এসে, ‘আপনি কেমন আছেন? আমি ভালো আছি।’
যুক্তরাষ্ট্রের হয়ে না খেলে কেন বাংলাদেশের হয়ে খেলছ? প্রশ্নটা করতেই রায়নার হাসিমাখা উত্তর, ‘আমার নাম রায়না। কিন্তু বাবা আমাকে আদর করে রানি বলে ডাকে। বাবার প্রিয় খেলাটাই আমি বেছে নিয়েছি। বাবার দেশ তো আমারও, তাই না? বাংলাদেশের হয়ে খেলতেই বেশি ভালো লাগে আমার।’

গত রিও অলিম্পিকে বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্টিকস মার্গারিতা মামুন সোনা জয়ের পর বলেছিলেন, ‘সোনা জয়ের এই আনন্দ দুই দেশেরই।’ বাংলাদেশের হয়ে খেলতে চেয়েও ফেডারেশনের অবহেলায় রাশিয়ায় ফিরে গিয়েছিলেন মার্গারিতা মামুন। কিন্তু বাংলাদেশ টেনিস ফেডারেশন সেদিক দিয়ে পুরো উল্টো। রায়নার জন্য সব রকম সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত।
দুই বছর আগে শিবু লাল সর্বশেষ ঢাকায় এসেছিলেন স্ত্রী-কন্যাদের নিয়ে। তবে এবার রায়না ঢাকা এসেছে বাবাকে ছাড়াই। সঙ্গে এনেছে নানা লেন গুডকে। কাল রমনা টেনিস কমপ্লেক্সে নাতনিকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত লেন গুড, ‘রায়না বাংলাদেশের হয়ে খেলবে শুনে আমিও ভীষণ আনন্দিত। এই দেশটা তো এক অর্থে তারও। এখানকার মানুষের আতিথেয়তায়, ভালোবাসায় আমরা মুগ্ধ।’
ক্যালিফোর্নিয়ার বিভিন্ন পারিবারিক টুর্নামেন্টে রায়না এককে চ্যাম্পিয়ন হয়েছে একাধিকবার। যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপেও এ বছর রানারআপ। ঢাকায় আসার আগে বাবার কাছেই মাস তিনেক কঠোর অনুশীলন করেছে। এ প্রতিযোগিতায় ভালো কিছু করতে উন্মুখ রায়না, ‘বাবা আমার কোচ। বাবা চান আমিও যেন বাংলাদেশের হয়ে ভালো একটা ফল করতে পারি।’
এমনিতেই ফেডারেশন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করে একেবারে কম। বেশির ভাগ সময়ই বিকেএসপির ওপর নির্ভর করে ফেডারেশন। ভালো মানের খেলোয়াড় উঠে আসছে না বলে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য আসছে না। যুক্তরাষ্ট্রে অনুশীলন ও সুযোগ-সুবিধা পাওয়া রায়না বাংলাদেশের হয়ে খেলতে উন্মুখ, ‘আমি বাংলাদেশের জার্সি পরে ফেড কাপে খেলতে চাই। খেলতে চাই এসএ (দক্ষিণ এশিয়ান) গেমসেও।’
শিকড়ের টানে, হৃদয়ের টানে খেলতে আসা রায়না নিশ্চয়ই বিমুখ হয়ে ফিরবে না।