শীর্ষে প্লিসকোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিম ক্লাইস্টার্স, অ্যামেলি মরেসমো, ইয়েলেনা ইয়াঙ্কোভিচ, দিনারা সাফিনা ও ক্যারোলিন ওজনিয়াকি—টেনিসের এই পাঁচ সাবেক ও বর্তমান তারকার সাধারণ একটা মিল আছে। তা হলো, কোনো গ্র্যান্ড স্লাম না জিতেই মেয়েদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা। এই তালিকায় এবার নাম লেখাচ্ছেন ক্যারোলিনা প্লিসকোভা।

আগামী সোমবার প্রকাশিত হবে টেনিসের পরবর্তী র‍্যাঙ্কিং। সেখানে চেক প্রজাতন্ত্রের প্লিসকোভার শীর্ষে ওঠা নিশ্চিত। উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেওয়া প্লিসকোভার এখানে যতটা না কৃতিত্ব, তার চেয়ে বেশি কাজ করেছে বর্তমান র‍্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর অ্যাঞ্জেলিক কারবার ও সিমোনা হালেপের ব্যর্থতা। উইম্বলডনের চতুর্থ রাউন্ডেই বিদায় নিয়েছেন কারবার। তাঁর বিদায়ে একে ওঠার সুযোগ এসেছিল হালেপের সামনে। কোয়ার্টার ফাইনালে জোহানা কন্তাকে হারাতে পারলেই এক নম্বরে উঠে যেতেন। কিন্তু শেষ আটে হেরে হালেপ পথ পরিষ্কার করে দিয়েছেন প্লিসকোভার।

২৫ বছর বয়সী প্লিসকোভা হবেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা চেক প্রজাতন্ত্রের প্রথম খেলোয়াড়। ১৯৭৫ সালে ডব্লুটিএ র‍্যাঙ্কিং প্রবর্তনের পর ১৯৭৮ সালে মার্টিনা নাভ্রাতিলোভা র‍্যাঙ্কিং-শীর্ষে উঠলেও তখন তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক।

মেয়েদের টেনিসের ২৩তম খেলোয়াড় হিসেবে সোমবার র‍্যাঙ্কিং-শীর্ষে উঠবেন প্লিসকোভা। এএফপি।