শেষ আটে ফেদেরারও

নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারের কোয়ার্টার ফাইনালের মঞ্চ প্রস্তুত হয়ে গেছে আগেই। কাল নিজেকে শেষ আটের লড়াইয়ে তুললেন রজার ফেদেরার। আজ মঙ্গলবারই কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হবেন ফ্রান্সের গায়েল মনফিলসের।
পাঁচবারের ইউএস ওপেন বিজয়ী ফেদেরার এ নিয়ে দশমবারের মতো শেষ আট নিশ্চিত করলেন। চতুর্থ রাউন্ডে তিনি সহজেই ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন স্পেনের রবার্তো বাতিস্তাকে। সেই তুলনায় মনফিলসের উঠে আসাটা একটু অবাক করার মতোই। এই ফরাসি টেনিস তারকা ইউএস ওপেনে তাঁর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পরাভূত করেছেন সপ্তম বাছাই গ্রেগর দিমিত্রভকে। ৭-৫, ৭-৬ (৮/৬), ৭-৫ গেমে নিষ্পত্তি হওয়া খেলাটি খুব একটা সহজ ছিল না।
১৭ বারের গ্র্যান্ডস্লাম বিজয়ী ফেদেরারের জন্য কোয়ার্টার ফাইনালটিও হতে যাচ্ছে মোটামুটি সহজই। মনফিলসের সঙ্গে এর আগের নয় সাক্ষাতের সাতটিতেই জিতেছেন এই সুইস তারকা। সূত্র: এএফপি।