শেষ আটে মারে-নাদাল

প্রতিশোধ নেওয়ার একটা ব্যাপার ছিল অ্যান্ডি মারের। গত উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল হারের প্রতিশোধ। কাল বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেই প্রতিশোধটা নিলেন মারে। মেলবোর্নের দর্শকদের রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়ে ব্রিটেনের মারে জিতেছেন ৬-৪, ৬-৭ (৫/৭), ৬-৩, ৭-৫ গেমে।
কোয়ার্টার ফাইনালে দিমিত্রভের বিদায়ঘণ্টা বেজেছে, কিন্তু শেষ আটে উঠেছেন দিমিত্রভের বান্ধবী মারিয়া শারাপোভা। কোয়ার্টার ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন শারাপোভার সামনে টেনিসের ‘পরবর্তী শারাপোভা’ ইউজিনি বুশার। শেষ আটে উঠে গেছেন চোট-অসুস্থতা কাটিয়ে কোর্টে ফেরা রাফায়েল নাদালও। তবে কাল সপ্তম দিনে সবচেয়ে আলোচিত খেলোয়াড় অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী নিক কিরিয়স। প্রথম দুই সেট হারের পর চতুর্থ সেটে ম্যাচ পয়েন্ট বাঁচানো, কিরিয়স পাঁচ সেটের রোমাঞ্চে ৫-৭, ৪-৬, ৬-৩, ৭-৬ (৭/৫), ৮-৬ গেমে হারিয়েছেন রজার ফেদেরার-হন্তারক আন্দ্রেয়াস সেপ্পিকে। ঘুচিয়েছেন অস্ট্রেলীয়দের নয় বছরের অপেক্ষা। ২০০৫ সালে সর্বশেষ অস্ট্রেলীয় হিসেবে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের শেষ আটে উঠেছিলেন লেটন হিউয়িট। আগামীকাল কোয়ার্টার ফাইনালে দুবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন মারের মুখোমুখি হবেন কিরিয়স।
তৃতীয় রাউন্ডে কোনোমতে বেঁচে যাওয়া নাদাল চতুর্থ রাউন্ডটা পেরিয়েছেন দাপুটে জয় দিয়ে। তৃতীয় বাছাই স্প্যানিশ দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে সরাসরি ৭-৫, ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন। শেষ আটে চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে পেয়েছেন নাদাল। বার্ডিচ সরাসরি সেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়ার আরেক ভরসা বার্নার্ড টমিককে। এএফপি, রয়টার্স।