
আগামী পরশু শুরু ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও অষ্টম বাছাই রাফায়েল নাদালের। পরশু বছরের শেষ গ্র্যান্ড স্লামের ড্র-ই সাজিয়ে দিয়েছে এমন সম্ভাবনা। ওদিকে জয়ের ধারায় থাকলে মেয়েদের বিভাগে সেমিফাইনালে দেখা হবে শীর্ষ দুই ফেবারিট সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভার।
অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনজয়ী জোকোভিচ দারুণ ফর্মে থেকেই শুরু করবেন বছরে নিজের তৃতীয় গ্র্যান্ড স্লাম জয়ের অভিযান। কোর্টের উল্টো দিকে তাঁকে পাওয়াটা যেকোনো প্রতিযোগীর জন্যই বড় অস্বস্তির ব্যাপার। তবে ‘মন্দে’র মধ্যেও একটা ‘ভালো’ খুঁজে পেতে পারেন নাদাল—৪২ বার সাক্ষাতের অতীত রেকর্ডে জয়ের পাল্লাটা তাঁর দিকেই ভারী। তাঁর জয় ২২টি। জোকোভিচের ২০টি। তা ছাড়া বর্তমান খেলোয়াড়দের মধ্যে একমাত্র তিনিই দুবার ইউএস ওপেনের ফাইনালে হারিয়েছেন জোকোভিচকে। অবশ্য ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে সর্বশেষ সাক্ষাতে জোকোভিচই হারিয়েছেন নাদালকে।
১৮তম গ্র্যান্ড স্লামপ্রত্যাশী রজার ফেদেরারের অর্ধে আছেন ব্রিটেনের অ্যান্ডি মারে এবং স্বদেশি স্তানিসলাস ভাভরিঙ্কা। কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে মারে-ভাভরিঙ্কার। এই ম্যাচের বিজয়ীর সঙ্গে সেমিফাইনালে লড়বেন ফেদেরার। ৩৪ বছর বয়সী সুইস তারকা টুর্নামেন্টের শুরুতেই পাবেন আর্জেন্টিনার লিওনার্দো মায়ারকে। বর্তমান চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়ার মারিন চিলিচ প্রথম শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হবেন চতুর্থ রাউন্ডে। এই রাউন্ডে নবম বাছাই চিলিচের প্রতিপক্ষ হতে পারেন চতুর্থ বাছাই জাপানের কেই নিশিকোরি।
কোর্টে সেরেনা-শারাপোভার লড়াই মানেই রুশ তারকার হার—ব্যাপারটা প্রায় নিয়তির মতো হয়ে গেছে। আগের ২০টি লড়াইয়ের ১৮টিতেই হেরেছেন শারাপোভা, টানা হেরেছেন ১৭ বার। এবার শিরোপার আগে তাই তাঁর লক্ষ্য হতে পারে—সেমিতে সেরেনার বিপক্ষে জয়। শেষ চারের আগে শেষ আটে সেরেনার বাধা হতে পারেন বড় বোন ভেনাস। স্টেফি গ্রাফের পর প্রথম ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামপ্রত্যাশী সেরেনার বিপক্ষে ফাইনালে প্রতিপক্ষ হতে পারেন দ্বিতীয় বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ। এএফপি, রয়টার্স।