শেষ আটেই জোকোভিচ-মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডান কবজির চোটের কারণে বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল অংশ নিচ্ছেন না। রজার ফেদেরারের সঙ্গে নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারেই তাই শিরোপার সবচেয়ে বড় দাবিদার। কিন্তু এঁদের একজনকে শিরোপা-স্বপ্ন বিসর্জন দিতে হবে কোয়ার্টার ফাইনালেই।
পরশু হয়ে যাওয়া ইউএন ওপেনের ড্রয়ে নিশ্চিত, সবকিছু ঠিকমতো এগোলে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হবেন জোকোভিচ-মারে। জো-উইলফ্রায়েড সোঙ্গা, অস্ট্রেলিয়ান ওপেনজয়ী স্তানিসলাস ভাভরিঙ্কাও পড়েছেন এই অর্ধে। সেদিক থেকে ১৮তম গ্র্যান্ড স্লাম অভিযানে ফেদেরারের ভাগ্যটা সুপ্রসন্ন বলতে হচ্ছে। অস্ট্রেলিয়ার মারিঙ্কো মাতোসেভিচের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু, কোয়ার্টার ফাইনালে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ‘বেবি ফেদেরার’ নামে পরিচিত গ্রিগর দিমিত্রভ। টমাস বার্ডিচ, ডেভিড ফেরাররাও এই অর্ধে আছেন বটে; তবে সম্প্রতি ফেদেরারের র্যাকেটে ফেরা পুরোনো ঝলকটা বলে ফাইনাল পর্যন্ত তাঁর পথটা মসৃণ।
আগামী সোমবার শীর্ষ বাছাই জোকোভিচ টুর্নামেন্ট শুরু করছেন আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্জম্যানের বিপক্ষে ম্যাচ দিয়ে। চতুর্থ রাউন্ডে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ সোঙ্গা। এরপরই মারে-বাধা।
ফেদেরারের মতো সেরেনা উইলিয়ামসও নামছেন ১৮তম গ্র্যান্ড স্লাম অভিযানে। ফাইনালের পথে মেয়েদের এক নম্বরের দেখা হতে পারে তাঁর পরিচিত দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। কোয়ার্টার ফাইনালে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক এক নম্বর আনা ইভানোভিচ। এর আগে চতুর্থ রাউন্ডেই সেরেনার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর। উইম্বলডনজয়ী পেত্রা কেভিতোভা এবং তাঁর বোন ভেনাসও একই অর্ধে পড়েছেন। মারিয়া শারাপোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কারা পড়েছেন অন্য অর্ধে। এএফপি।