শেষ আটেই জোকোভিচ-মারে
ইউএস ওপেনে তাঁরা সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন ২০১২ ফাইনালে। পাঁচ সেটের সেই মহাকাব্যিক লড়াইয়ে নোভাক জোকোভিচকে হারিয়ে অ্যান্ডি মারে পেয়েছিলেন প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ। দুই বছর পর এবার তাঁদের দেখা হয়ে যাচ্ছে কোয়ার্টার ফাইনালেই।
ড্রতেই নিশ্চিত হয়ে যায় মারে-জোকোভিচের সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল দ্বৈরথ। অঘটনের থাবা এগিয়ে দুজনেই সেই সম্ভাবনাকে করেছেন বাস্তব। আজ সেমিফাইনালের উঠার লড়াইয়ে নামবেন সাবেক দুই চ্যাম্পিয়ন। পরশু জার্মানির ফিলিপ কোলশ্রাইবারকে ৬-১, ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে টানা ২২তম গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন জোকোভিচ। জোকোভিচ সর্বশেষ গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন ২০০৯ ফ্রেঞ্চ ওপেনে, এই কোলশ্রাইবারের কাছেই হেরেছিলেন তৃতীয় রাউন্ডে। আর মারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭-৫, ৭-৫, ৬-৪ গেমে ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গাকে হারিয়ে উঠেছেন শেষ আটে।
মহিলা বিভাগে কায়া ক্যানেপিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। তবে শেষ হয়ে গেছে কানাডিয়ান বিস্ময়বালিকা ইউজিনি বুশারের দৌড়। ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে হেরে গেছেন আগের রাউন্ডেই পেত্রা কেভিতোভাকে হারিয়ে চমক দেওয়া সাির্বয়ার আলেসান্দ্রা ক্রুনিচ। এএফপি।