শেষ পর্যন্ত সেরেনাই

দুই হাত দিয়ে মুখ ঢেকে ভেঙে পড়েননি কান্নায়। স্বভাবসুলভ ভঙ্গিতে কিশোরীর মতো লাফ দিয়ে ছুঁতে চাননি আকাশ। হাত থেকে র্যাকেট ফেলে দাঁড়িয়ে ছিলেন নিশ্চল। উচ্ছ্বাসে ভেসে যাওয়ার চেয়ে সেরেনা উইলিয়ামসের উদ্যাপন যেন কাঁধ থেকে বোঝা নেমে যাওয়ার। লুসি সাফারোভাকে ৬-৩, ৬-৭ (২/৭), ৬-২ গেমে হারিয়ে জিতেছেন ফ্রেঞ্চ ওপেন, পেয়ে গেছেন ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ড স্লাম। ২২টি শিরোপা নিয়ে ওপেন যুগে সামনে শুধু স্টেফি গ্রাফ। সেরেনা যেন অমরত্বের দিকেই আরেক পা এগোলেন কাল।

ফাইনালটা হয়েছে ফাইনালের মতোই। প্রথম সেট শেষে মনে হচ্ছিল, তৃতীয় ফ্রেঞ্চ ওপেন বোধ হয় সহজেই জিতে যাবেন। দ্বিতীয় সেটেও যখন ৪-১ গেমে এগিয়ে গেলেন, ২০০১ সালে জেনিফার ক্যাপ্রিয়াতির পর প্রথমবারের মতো বছরের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জয়টা শুধুই সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। সেখান থেকেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন সাফারোভা। টানা পাঁচটি সেট জিতে ২৮ বছর বয়সী চেক খেলোয়াড় সেরেনাকে অপ্রতিভ করে দিলেন। শেষ পর্যন্ত সেটটা জিতেও নিলেন টাইব্রেকারে।
এরপর তৃতীয় সেটেও যখন ২-০ গেমে এগিয়ে গেলেন সাফারোভা, মনে হচ্ছিল রূপকথার জন্ম দিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা পেয়েই যাবেন। সেরেনার ওপর তখন প্রচণ্ড চাপ, কোর্টে মেজাজ হারানোর জন্য রেফারির সতর্কবার্তাও শুনেছেন। কিন্তু টুর্নামেন্টে এর আগে চারবার তৃতীয় সেটে গিয়ে ম্যাচ জিতেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগালেন কালও। এরপর টানা ছয়টা গেম জিতে দেখিয়ে দিলেন, কেন তাঁকে সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় বলা হয়।
এমন একটি অসাধারণ ম্যাচের পর প্রতিপক্ষকে প্রশংসায় ভরিয়ে দিলেন সেরেনা, ‘ও ছিল অসাধারণ একজন প্রতিপক্ষ। আমি নিজেও খুবই ভালো খেলেছি। সে খুবই আক্রমণাত্মক ছিল। আমি তো একটা সময় গিয়ে স্নায়ুচাপেই পড়ে গিয়েছিলাম।’ প্যারিসে দুই বছর আগেই শিরোপা জিতেছেন, কিন্তু সব মিলে এখানে রেকর্ড খুব ভালো নয় ৩৩ বছর বয়সী সেরেনার। সেটি তাঁরও মনে ছিল, ‘আমার জন্য এটা বিশেষ কিছু, কারণ আমি এখানে সব সময় ভালো খেলি না। তবে ২০তম গ্র্যান্ড স্লাম জেতার পর আমি খুবই খুশি।’
সেই খুশিটা আরেকটু বাড়িয়ে নেওয়ার উপলক্ষ সামনেই। তিন সপ্তাহ পরেই যে শুরু উইম্বলডন! এএফপি।