শেষ ষোলোতে ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন গ্র্যান্ড স্লামে রজার ফেদেরারের পারফরম্যান্স সবচেয়ে খারাপ?
উত্তরটা হলো ফ্রেঞ্চ ওপেন। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লামে মাত্র একবার চ্যাম্পিয়ন হয়েছেন সুইস মাস্টার। সেই ফ্রেঞ্চ ওপেনেই তিনি টানা ১১ বারের মতো চতুর্থ রাউন্ডে উঠে গেলেন। কাল তৃতীয় রাউন্ডে বসনিয়া-হার্জেগোভিনার দামির জুমহুরকে সরাসরি ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই ফেদেরার। ২০০৯ সালে একমাত্র ফ্রেঞ্চ ওপেন জেতা ফেদেরার চতুর্থ রাউন্ডে ওঠার পথে এখনো কোনো সেট হারেননি।
পুরুষ বিভাগে চতুর্থ রাউন্ডে ফেদেরারের সঙ্গী হয়েছেন জাপানের কেই নিশিকোরি, রাশিয়ার তৈমুরাজ গাবাশভিলি। পঞ্চম বাছাই নিশিকোরি ওয়াকওভার পেয়েছেন জার্মানির বেঞ্জামিন বেকারের বিপক্ষে।
মেয়েদের বিভাগে চতুর্থ রাউন্ডে উঠেছেন আনা ইভানোভিচ, একাতেরিনা মাকারোভা, এলিনা সভিতোলিনা, অ্যালিজ কর্নেই ও লুসি সাফারোভা। বিশ্বের সাবেক এক নম্বর ইভানোভিচ ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে হারাতে মোটেও সময় নেননি, উড়িয়ে দিয়েছেন ৬-০, ৬-৩ গেমে। বান্ধবী ইয়েলেনা ভেসনিনাকে সরাসরি সেটে হারিয়েছেন মাকারোভাও। তবে দুটি ম্যাচ গড়িয়েছে তৃতীয় সেটে। ৪-৬ গেমে প্রথম সেট হারার পর পরের দুই সেটে ৬-৩, ৭-৫ গেমে জয়, ফ্রান্সের কর্নেই ক্রোয়েশিয়ার মিরিয়ান লুচিচ-বারোনিকে হারানোর পর উল্লাস করলেন চ্যাম্পিয়নদের মতোই। এএফপি, রয়টার্স।