শেষের শুরু নাদালের?

ফ্রেঞ্চ ওপেন এলেই সবাই তাকিয়ে থাকে তাঁর দিকে! ভক্তরা তাকিয়ে থাকেন প্রিয় তারকার ঝুলিতে আরও একটি শিরোপা উঠবে বলে। তাঁর ফর্ম এবং চোট আছে কি না—এই নিয়ে কৌতূহলী থাকেন কোর্টের প্রতিপক্ষরাও। ২৪ মে শুরু ক্লে কোর্টের গ্র্যান্ড স্লাম সামনে রেখে এবারও সবার চোখ ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালের দিকে। তবে সবার ঔৎসুক্যের বিষয় এবার এক—লাল দুর্গে শ্রেষ্ঠত্বের নিশান ওড়াতে পারবেন নাদাল?
প্রশ্নটা উঠছেই। কারণ প্যারিসের এই টুর্নামেন্ট শুরুর আগে কোর্টের নাদাল এমনই ‘নড়বড়ে’, যা গত এক দশকেও দেখা যায়নি! পরিসংখ্যানই বলছে এই কথা—
. গত মার্চ ও এপ্রিলে হার্ড কোর্টের দুটি টুর্নামেন্টে হেরেছেন নাদাল। ইন্ডিয়ানা ওয়েলস মাস্টার্সের চতুর্থ রাউন্ডে হারের পর এপ্রিলে হেরেছেন মায়ামি ওপেনের তৃতীয় রাউন্ডে।
. এর পর টানা তিনটি টুর্নামেন্ট—মন্টে কার্লো মাস্টার্স, বার্সেলোনা ওপেন ও মাদ্রিদ ওপেনে হেরেছেন। আর তিনটিই ছিল ক্লে কোর্টের টুর্নামেন্ট। শেষেরটির ফাইনালে হারলেও আগের দুটিতে হেরেছিলেন সেমিফাইনাল ও তৃতীয় রাউন্ডে।
. ধারাবাহিক এই হারের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। সর্বশেষ এটিপি র্যাঙ্কিংয়ে চার থেকে নেমে গেছেন সাতে। গত এক দশকের মধ্যে এই প্রথম সেরা পাঁচের বাইরে নাদাল।
এমন বাস্তবতায় কেউ কেউ তাঁর শেষের শুরুটাও দেখতে শুরু করেছেন। টেনিস-বিশ্ব আসলেই ক্লে কোর্টের রাজার শেষের শুরু দেখছে কি না, লাল দুর্গে তাঁর পারফরম্যান্সই তা বলে দেবে। ২০০৫ সালে ফ্রেঞ্চ ওপেনে যে রাজত্বের শুরু, মাঝখানে এক বছর বিরতি দিয়ে অনেক চড়াই-উতরাইয়ের মধ্যেও তা ধরে রেখেছেন নাদাল। তাঁর ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপার ৯টিই এসেছে প্যারিসের লাল কোর্টে। ধারাবাহিক হারের মধ্যে থাকা নাদালকে লাল মাটির দুর্গে যদি স্বরূপে না দেখতে পাওয়া যায়, তখন তাঁর শেষের শুরু দেখতে পাওয়ার লোকের সংখ্যা হু হু করে বাড়বে।
তো নিজের ফর্ম নিয়ে কী ভাবছেন নাদাল? ইতালিয়ান ওপেনে খেলতে এসে ২৮ বছর বয়সী স্প্যানিয়ার্ড স্বীকার করে নিলেন, আগের সেই আগ্রাসী রূপটা এখন তাঁর নেই, ‘আগে যতটা ভালো ছিলাম এখন সেই অবস্থায় নেই আমি। জীবন আমাকে দুহাত ভরে দিয়েছে। আগের মতো বেশি বেশি জিততে না পারলেও জীবন থেমে থাকবে না।’ ২০১৫ সালের পারফরম্যান্স বিচারে নিজেকে ছয় নম্বরে দেখছেন নাদাল। তবে তাঁর অবস্থানের ক্রমাবনতিকে ‘বিপর্যয়’ বলতে নারাজ, ‘এটা কোনো বিপর্যয় নয়। যদি ভাবেন গত সপ্তাহটা আমার জন্য নেতিবাচক ছিল, তাহলে ভুল হবে। আত্মবিশ্বাস এবং অনেক কিছু মিলিয়ে গত সপ্তাহটা আমার জন্য ইতিবাচক ছিল।’
সেই শৈশব থেকে নাদালের দেখভাল করে আসছেন যিনি, আপন চাচা সেই টনি নাদাল এখনো তাঁর কোচ। এই দুঃসময়ে ভাগ্যবদলের জন্য কেউ কেউ তাঁকে কোচবদলের পরামর্শ দিয়েছেন। বাজে ফর্মের দায় নিজের কাঁধে তুলে নিয়ে নাদাল তা নাকচ করে দিয়েছেন, ‘যদি সবকিছু ঠিকঠাক মতো না হয়, তার কারণ আমি; ভালো খেলতে পারি না। সেটা কোচের কারণে নয়।’ তাই তাঁর সাফ কথা, টনি নাদাল তাঁর পাশে ছিলেন, অনাগত দিনেও থাকবেন, ‘টনি আমার কাছে একজন কোচের চেয়েও বেশি।’
আসছে ফ্রেঞ্চ ওপেনে নাদাল কী করবেন, সেটা পরের ব্যাপার। তবে একজন চ্যাম্পিয়ন সম্পর্কে শেষ কথা বলতে নেই। হয়তো লাল দুর্গই ‘শেষের শুরু’র বদলে দেখবে তাঁর ঘুরে দাঁড়ানোর শুরু! ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেদেরারের চোখে তো এবারও নাদাল ফ্রেঞ্চ ওপেনের সম্ভাব্য দাবিদার। আসন্ন গ্র্যান্ড স্লামের সম্ভাব্য চ্যাম্পিয়নদের নিয়ে বলতে গিয়ে ফেদেরার বলছেন, ‘আমার কাছে রাফা এখনো ফ্রেঞ্চ ওপেনের ফেবারিট।’