সবার ওপরে শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিয়া শারাপোভা
মারিয়া শারাপোভা

টানা চারটি গ্র্যান্ড স্লাম জিতে ২০০২-০৩ সালের পর পূর্ণ করেছেন দ্বিতীয় ‘সেরেনা স্লাম’। এই বছর ৪১ ম্যাচে মাত্র একটি পরাজয়। শুধু খেলার বিচারে সেরেনা উইলিয়ামস বর্তমান তারকাদের সবার ওপরে। সর্বকালেরই সেরা মেয়ে টেনিস খেলোয়াড় কি না তাঁকে নিয়ে সে বিতর্কও চলতে পারে। কিন্তু খেলার বাইরের জগতে? স্পনসরশিপ, পণ্যের দূতিয়ালি, ব্যক্তিগত ব্যবসা—যেখানে নিয়ত অগুনতি অর্থের হাতছানি, সেখানে কেমন সাফল্য মার্কিন এই টেনিস তারকার? মারিয়া শারাপোভারাও কেমন করছেন? অন্য খেলার মেয়ে তারকাদেরই ‘পারফরম্যান্স’ই বা কেমন?
সম্প্রতি বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকী সবচেয়ে বেশি আয় করা মেয়ে অ্যাথলেটদের একটা তালিকা প্রকাশ করেছে। যেখানে বিবেচনায় নেওয়া হয়েছে ২০১৪ সালের জুলাই থেকে এই বছরের জুন—এই ১২ মাসে তাঁদের প্রাইজমানি, স্পনসরশিপ এবং অন্য উৎস থেকে আসা আয়কে। সে তালিকায় টেনিসেরই জয়জয়কার—সেরা দশের সাতজনই টেনিস খেলোয়াড়। প্রথম স্থানটি ২০১৪ ফ্রেঞ্চ ওপেনজয়ী মারিয়া শারাপোভার। ১২ মাসে প্রাইজমানি থেকে রুশ তারকা পেয়েছেন ৫২ কোটি টাকা। আর এনডোর্সমেন্ট থেকে আয় ১৭৫ কোটি। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ১৯৮৮ সালে স্টেফি গ্রাফের পর ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামপ্রত্যাশী সেরেনা উইলিয়ামস। তৃতীয় ক্যারোলিন ওজনিয়াকি।
বিস্ময় জাগাচ্ছে মিক্সড মার্শাল আর্ট ও জুডোকা রোন্ডা রোজির আট নম্বরে উঠে আসাটা। আমেরিকান এই জুডোকা একজন অভিনেত্রীও বটে। গত এক বছরে রোজি চুক্তিবদ্ধ হয়েছেন তিনটি সিনেমায়। টেনিসের বাইরের অন্য দুজন হলেন আমেরিকান রেসার ও মডেল ড্যানিকা প্যাট্রিক এবং টানা তিনবারের বর্ষসেরা গলফার স্ট্যাসি লুইস। ফোর্বস, আইএএনএস।

.
.

১
মারিয়া শারাপোভা
টেনিস
২২৭ কোটি ২০ লাখ
২
সেরেনা উইলিয়ামস
টেনিস
১৯১ কোটি ৪১ লাখ
৩
ক্যারোলিন ওজনিয়াকি
টেনিস
১১৩ কোটি ৬০ লাখ
৪
ড্যানিকা প্যাট্রিক
মোটর রেসিং
১০৮ কোটি ১৫ লাখ
৫
আনা ইভানোভিচ
টেনিস
৬৪ কোটি ৫৮ লাখ
৬
পেত্রা কেভিতোভা
টেনিস
৫৯ কোটি ৫১ লাখ
৭
সিমোনা হালেপ
টেনিস
৫২ কোটি ৫১ লাখ
৮
রোন্ডা রোজি
জুডো
৫০ কোটি ৫৭ লাখ
৯
স্ট্যাসি
লুইস
গলফ
৪৯ কোটি ৭৯ লাখ
১০
অাগ্নিয়েস্কা রাদভানস্কা
টেনিস
৪৬ কোটি ৬৮ লাখ
* অর্থের অঙ্ক টাকায়