সরেই গেলেন রজার ফেদেরার

ফ্রেঞ্চ ওপেন শেষ ফেদেরারের।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেঞ্চ ওপেনে শিরোপার সংখ্যাটা বুঝি ১-এই থেকে গেল রজার ফেদেরারের!

আর দুই মাস পর তাঁর বয়স ৪০ হবে। একে তো বয়স, তাঁর ওপর চোটও বারবার আটকে দিচ্ছে সুইস টেনিস কিংবদন্তিকে। প্রতিটি টুর্নামেন্টেই তাই এখন রজার ফেদেরার যখন খেলতে নামেন, সেবারই টুর্নামেন্টটাতে তাঁর শেষ ধরে নিতে হয়। এবার ফ্রেঞ্চ ওপেনেও ব্যতিক্রম হয়নি। কিন্তু সম্ভাব্য শেষ ফ্রেঞ্চ ওপেন ফেদেরারের শেষ হলো দীর্ঘশ্বাসে।

গতকাল ডমিনিক কোয়েফেরকে হারিয়ে এবারের ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে ফেদেরার ওঠার পর থেকেই গুঞ্জন ছিল, হাঁটুর চোটটা আবার ভোগাচ্ছে ফেদেরারকে। টুর্নামেন্ট থেকে তাই সরে যেতে পারেন তিনি। শেষ পর্যন্ত তা-ই হলো। কিছুক্ষণ আগে ফ্রেঞ্চ ওপেনের আয়োজক কর্তৃপক্ষ ও ফেদেরার নিজে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন, সরেই যেতে হচ্ছে তাঁকে। আগামীকাল চতুর্থ রাউন্ডে মাত্তেও বেরেত্তিনির সঙ্গে খেলার কথা ছিল তাঁর।

ফ্রেঞ্চ ওপেনের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট রোলাঁ-গারো কিছুক্ষণ আগে বিবৃতিতে লিখেছে, ‘রোলাঁ-গারো টুর্নামেন্ট আয়োজকেরা জানতে পেরেছে যে রজার ফেদেরার টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।’

আর ফেদেরার নিজে রোলাঁ গাঁরোর বিবৃতিতে যা বলেছেন, সেটিই আবার টুইট করেছেন নিজের অ্যাকাউন্ট থেকে, ‘আমার (চিকিৎসক) দলের সঙ্গে আলোচনার পর আজ সিদ্ধান্ত নিয়েছি যে, আমার রোলাঁ-গারো থেকে সরে যাওয়া দরকার। হাঁটুতে দুটি অস্ত্রোপচার আর এক বছরের বেশি সময়ের পুনর্বাসনের পর নিজের শরীরের কথা শোনা গুরুত্বপূর্ণ, এটাও নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে আমি পুনর্বাসনের পথে তাড়াহুড়ো করছি না।’

ফ্রেঞ্চ ওপেনে তিন ম্যাচ খেলেছেন, এ থেকেই ‘মন্দের ভালো’ খুঁজে নিচ্ছেন নাদালের সঙ্গে ছেলেদের এককে যৌথ-রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী কিংবদন্তি, ‘তিনটি ম্যাচ খেলতে পেরেছি, এ নিয়েই আমি খুশি। কোর্টে ফেরার চেয়ে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না।’

গতকাল তৃতীয় রাউন্ডে কোয়েফেরের বিপক্ষে ম্যাচে ফেদেরারের শট।
ছবি: রয়টার্স

ফেদেরার সরে যাওয়ায় এখন রাফায়েল নাদালের সামনে সুযোগ, ২১তম গ্র্যান্ড স্লাম জিতে ছেলেদের এককে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ফেদেরারকে ছাপিয়ে যাওয়ার। অবশ্য ১৯তম গ্র্যান্ড স্লামের খোঁজে ফ্রেঞ্চ ওপেনে নামা নোভাক জোকোভিচেরও এ ব্যাপারে কিছু বলার থাকবে।

তবে ফেদেরারের মতো কিংবদন্তিকে টুর্নামেন্টের মাঝপথে এভাবে সরে যেতে হওয়ায় কষ্ট পাচ্ছে রোলাঁ-গারো কর্তৃপক্ষ। বিবৃতিতে টুর্নামেন্টের পরিচালক গাই ফরগেট রোলাঁ-গারো কর্তৃপক্ষের কষ্টের কথা যেভাবে বলেছেন, তা হয়তো সব টেনিস-প্রেমীরই মনের কথা, ‘রজার ফেদেরারের সরে যেতে হওয়ায় রোলাঁ-গারো কর্তৃপক্ষ ভীষণ কষ্ট পাচ্ছে, যিনি কিনা গতরাতে দারুণ লড়াই করেছিলেন। আরেকবার প্যারিসে রজার ফেদেরারকে দেখতে পেয়ে আমরা সবাই খুব খুশি ছিলাম, যেখানে তিনি তিনটি দারুণ ম্যাচ খেলেছেন। মৌসুমের বাকি অংশের জন্য তাঁকে শুভকামনা জানাই।’

ফ্রেঞ্চ ওপেনে কাল হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ষোলোয় উঠেছেন রজার ফেদেরার। ৩ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াইয়ে ৬-৭ (৫-৭), ৭-৬ (৭-৩), ৬-৭ (৪-৭), ৫-৭ গেমে হারিয়েছেন র‍্যাঙ্কিংয়ে ৫৯তম কোয়েফেরকে।

কোয়েফেরের বিপক্ষে দারুণ লড়ে জিতেছেন ফেদেরার।
ছবি: রয়টার্স

গত বছর দুবার হাঁটুতে অস্ত্রোপচার করানো ফেদেরার এ সময়ে খুব বেশি টুর্নামেন্ট খেলতে পারেননি। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকে এবারের ফ্রেঞ্চ ওপেন ছিল সব মিলিয়ে তাঁর তৃতীয় টুর্নামেন্ট।

কাল কোয়েফেরের বিপক্ষে জয়ের পরই ফ্রেঞ্চ ওপেন থেকে সরে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছিলেন ফেদেরার। ‘আমি জানি না খেলতে পারব কি না। খেলা চালিয়ে যেতে পারব কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। হাঁটুতে চাপ ফেলা খুব বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে না তো? বিশ্রামের জন্য এটাই কি সঠিক সময়?’—বলেছিলেন ফেদেরার। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো।

২৮ জুন থেকে শুরু হতে যাওয়া উইম্বলডনেই এখন নজর ফেদেরারের। অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টটা তাঁর প্রিয়ও, সেখানে আটবার জিতেছেন ‘ফেডেক্স।’