সাঁইত্রিশে সেমিফাইনালে ভেনাস

একজনের বয়স ৩৭, আরেকজনের ২০। প্রথম জন সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০০৮ সালে, দ্বিতীয় জন মাত্রই ফ্রেঞ্চ ওপেন জিতে খেলতে এসেছেন উইম্বলডনে। অভিজ্ঞতা না তারুণ্য, কার পক্ষে বাজি ধরবেন আপনি? যদি তারুণ্যের পক্ষে বাজি ধরে থাকেন, হেরে গেছেন আপনি। কাল যে কোয়ার্টার ফাইনালে ২০ বছর বয়সী ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন ৩৭ বছরের ভেনাস উইলিয়ামস। উইলিয়ামস বোনদের বড় জন জিতেছেন ৬-৩, ৭-৫ গেমে।
গত ২৩ বছরে ভেনাসের চেয়ে বেশি বয়সে উইম্বলডনের শেষ চারে জায়গা করে নিতে পারেননি অন্য কেউ। ভেনাসের চেয়ে বেশি বয়সে সেমিফাইনালে ওঠা সর্বশেষ খেলোয়াড় মার্টিনা নাভ্রাতিলোভা। ১৯৯৪ সালে নাভ্রাতিলোভা উঠে গিয়েছিলেন ফাইনালেই। এবার ভেনাস কি পারবেন সেমিফাইনাল-বাধা পেরোতে? আগামীকাল শেষ চারে তাঁর প্রতিপক্ষ ব্রিটেনের জোহানা কন্তা। কোয়ার্টার ফাইনালে যিনি রোমানিয়ার সিমোনা হালেপকে হারিয়েছেন ৬-৭, ৭-৬, ৬-৪ গেমে।

গতকালের জয়টি ছিল উইম্বলডনের মূল পর্বে ভেনাসের ৮৬তম। এখনো খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৮৬ ম্যাচ জিতেছেন সেরেনা উইলিয়ামসও। ভেনাসের সামনে এখন হাতছানি উন্মুক্ত সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হওয়ার। আর দুটি ম্যাচ জিতে কীর্তিটা গড়ে ফেললে ভেনাস পেছনে ফেলবেন বোন সেরেনাকেই। ভেনাস সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০০৮ সালে, এই উইম্বলডনেই।
কাল মেয়েদের প্রথম কোয়ার্টার ফাইনালে জিতেছেন গারবিনিয়ে মুগুরুজা। তিন বছরের মধ্যে দ্বিতীয়বার সেমিফাইনালে ওঠা স্প্যানিশ তারকা ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন রাশিয়ার সভেতলানা কুজনেতসোভাকে। শেষ চারে মুগুরুজার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কোকো ভেন্ডারওয়ে কিংবা স্লোভাকিয়ার মাগদালেনা রিবারিকোভা। এএফপি।