সানিয়ার তৃতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে তৃতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন সানিয়া মির্জা। আগের দুটির মতো তৃতীয় শিরোপাটিও মিশ্র দ্বৈতে। ব্রাজিলের ব্রুনো সোরেসের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় টেনিস তারকা জিতেছেন প্রথমবারের মতো ইউএস ওপেনের একটা শিরোপা। পরশু মিশ্র দ্বৈতের ফাইনালে সানিয়া-সোরেস জুটি ৬-১, ২-৬, ১১-৯ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাবিগেইল স্পিয়ার্স ও মেক্সিকোর সান্তিয়াগো গঞ্জালেস জুটিকে।

সানিয়া গ্র্যান্ড স্লাম মিশ্র দ্বৈতের আগের দুটি শিরোপাই (২০০৯ অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ ফ্রেঞ্চ ওপেন) জিতেছিলেন স্বদেশি মহেশ ভূপতিকে নিয়ে। ভূপতির সঙ্গে জুটিটা ভেঙে গেছে অনেক আগেই। সোরেসের সঙ্গে জুটি বেঁধে দুই বছর পর আবার পেলেন সাফল্য। আর শিরোপা জিতে সানিয়া জবাব দিয়েছেন তাঁকে নিয়ে ওঠা এক সমালোচনার। ভারতীয় হয়েও সানিয়া বিয়ে করেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে। গত মাসে বিজেপির এক নেতা মাস খানেক আগে সানিয়াকে ‘পাকিস্তানি বধূ’ আখ্যায়িত করে বলেন, সানিয়া ভারতের প্রতিনিধিত্ব করার যোগ্য নন। পরশু শিরোপা জয়ের পর সেটিরই জবাব দিলেন সানিয়া, ‘আমি এখনো একজন গর্বিত ভারতীয়।’ এএফপি।