সানিয়াকে নিয়ে উচ্ছ্বসিত ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানিয়া মির্জা
সানিয়া মির্জা

যেন অপ্রতিরোধ্য এক জুটি হয়ে উঠেছেন তাঁরা দুজন। হারানোই যাচ্ছে না সানিয়া মির্জা আর মার্টিনা হিঙ্গিসকে। কদিন আগেই ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতে নারীদের দ্বৈত র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে উঠে এসেছিলেন ইন্দো-সুইস এই জুটি। এবার তাঁরা নিজেদের নিয়ে গেলেন আরও উচ্চতায়। পরশু ফ্যামিলি সার্কেল কাপ জিতে নারীদের দ্বৈতে শীর্ষে উঠে এসেছেন সানিয়া-হিঙ্গিস জুটি। একই সঙ্গে সানিয়া মির্জা গড়েছেন নতুন ইতিহাসও। প্রথম ভারতীয় নারী টেনিস খেলোয়াড় হিসেবে ডাবলস র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন তিনি। চমকপ্রদ ব্যাপার হচ্ছে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বাঁধার পর এখন পর্যন্ত একটি ম্যাচও হারেননি সানিয়া। এ জুটি জিতেছে টানা ১৪ ম্যাচ।
যুক্তরাষ্ট্রের চার্লসটনে পরশু ফ্যামিলি সার্কেল কাপের ফাইনালে সানিয়া-হিঙ্গিস জুটি ৬-০, ৬-৪ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাসেই ডেলাকুয়া ও ক্রোয়েশিয়ার ডারিজা জুরাক জুটিকে। এর আগে ভারতীয় টেনিস খেলোয়াড়দের মধ্যে মহেশ ভূপতি ও লিয়েন্ডার পেস দ্বৈতে শীর্ষে উঠেছিলেন। তবে প্রথম ভারতীয় নারী হিসেবে এ অর্জনটা সানিয়ারই। এশিয়ার নারী টেনিস খেলোয়াড়দের মধ্যে তাঁর আগে দ্বৈতে শীর্ষে উঠেছেন মাত্র তিনজন—জাপানের আই সুগিয়ামা, চীনের পেং সুয়াই ও তাইওয়ানের শিয়ে সু-উয়েই। স্বভাবতই দারুণ এ অর্জনে গর্বিত হায়দরাবাদের এই টেনিস-কন্যা, ‘আশা করি, এটা ভারতীয় নারীদের বিশ্বাস করতে সাহায্য করবে যে যেকোনো কিছুই সম্ভব। ১ নম্বর হয়ে আমি গর্বিত। আমি সারা জীবন এটার জন্যই পরিশ্রম করেছি।’ হিঙ্গিসকে জুটি করে পরপর তিনটি ট্রফি জিতেছেন। ৩৪ বছর বয়সী এ সুইস সঙ্গীকেও তাই দিয়েছেন সমান কৃতিত্ব, ‘সে অসাধারণ খেলোয়াড় এবং অসাধারণ মানুষ।’ প্রশংসা করতে গিয়ে একটু রসিকতাও করেছেন হিঙ্গিসকে নিয়ে, ‘তোমাকে বুড়ো বলতে চাই না। কিন্তু তোমাকে খেলতে দেখেই বড় হয়েছি, অনুপ্রাণিত হয়েছি।’
শীর্ষে ওঠার পরই অভিনন্দন-বার্তায় ভাসছেন সানিয়া। পরশু তাঁর জয়ের পরই উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন, ‘অসাধারণ অর্জন। ১ নম্বর হওয়ায় সানিয়াকে অভিনন্দন।’ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অভিনন্দন বার্তায় বলেছেন, ‘সানিয়ার এই কীর্তিতে পুরো দেশ গর্বিত৷’ উষ্ণ অভিনন্দন এসেছে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কাছ থেকেও, ‘১ নম্বরের মুকুট পাওয়ায় অভিনন্দন সানিয়া। তোমার এ অর্জন আরও অনেককে উৎসাহিত করবে।’ কয়েক দিন আগেই ব্যাডমিন্টন র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন আরেক ভারতীয় নারী সাইনা নেহওয়াল। এবার টেনিসে সানিয়া। ভারতীয় নারীদের এমন অর্জনে গর্বিত ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি, ‘সাইনার পর সানিয়া। ভারতীয় নারীরা একের পর এক শীর্ষে উঠছে এবং আমাদের গর্বিত করছে।’ এএফপি, রয়টার্স।