সানিয়াকে নিয়ে হিঙ্গিসের শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইম্বলডন দ্বৈতের ট্রফি নিয়ে উচ্ছ্বসিত হিঙ্গিস-সানিয়া l এএফপি
উইম্বলডন দ্বৈতের ট্রফি নিয়ে উচ্ছ্বসিত হিঙ্গিস-সানিয়া l এএফপি

সর্বশেষ যখন উইম্বলডন জিতেছিলেন, সেন্টার কোর্টে তখন ছাদই ছিল না। মার্টিনা হিঙ্গিস কি তখন ভেবেছিলেন, ১৭ বছর পর আবার এই সেন্টার কোর্টে বিজয়ীর বেশে দাঁড়াবেন?
১৯৯৮ সালে ইয়ানা নভোতনাকে নিয়ে দ্বৈতের শিরোপা জিতেছিলেন। তার আগের বছর সেই নভোতনাকে হারিয়েই উইম্বলডনে একমাত্র একক শিরোপা। এর আগে-পরে জিতেছেন আরও চারটি গ্র্যান্ড স্লাম। এরপর দ্বৈতে আরও শিরোপা জিতলেও উইম্বলডনে আর জয়ের হাসি হাসতে পারেননি। পরশু সানিয়া মির্জাকে নিয়ে আবার জিতলেন ৩৪ বছর বয়সে। রাশিয়ার একাতেরিনা মাকারোভা ও ইয়েলেনা ভেসনিনা জুটির বিপক্ষে জয়টা ৫-৭, ৭-৬ (৭/৪), ৭-৫ গেমে। হিঙ্গিস-সানিয়া জুটি বেঁধেছেন এ বছরের মার্চে। গ্র্যান্ড স্লামে এই জুটির প্রথম সাফল্যও এটাই। মিশ্র দ্বৈতে ৩টি শিরোপা জিতলেও মহিলা দ্বৈতে সানিয়ার এটাই প্রথম গ্র্যান্ড স্লাম।
এমন একটা জয়ের পর হিঙ্গিস কিছুটা স্মৃতিকাতরই হয়ে পড়লেন, ‘মনে হচ্ছে এটা আরেকটা নতুন জীবন। ১৭ বছর কেটে গেল! এখানে একবার জিতলেই আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারেন। এটা আমার প্রত্যাশারও বেশি!’ উইম্বলডনে প্রথম শিরোপায় সানিয়ার রোমাঞ্চ আরও বেশি, ‘ছোটবেলা থেকে এ রকম কিছুরই স্বপ্ন দেখেছি। এমন কিছুর জন্যই টেনিস খেলে যাচ্ছি।’ এএফপি।