জন্মসূত্রে ভারতীয় হলে কী হবে, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করার পর থেকে ভারতীয়দের একাংশের কাছে ভীষণ সমালোচিত সানিয়া মির্জা। রাজনৈতিক ‘চিরশত্রু’ পাকিস্তানের ‘বধূ’ হওয়ার ব্যাপারটি ভারতীয় কট্টরপন্থীরা কখনোই মেনে নিতে পারেনি। আর সে কারণে ভারতীয় টেনিসের এই গ্ল্যামার গার্লকে উগ্র সমালোচনার শিকার হতে হয়েছে অনেকবার। সামলে নিয়েছেন প্রতিবারই। কিন্তু এবার আর পারলেন না। নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ নির্বাচিত হয়েছিলেন সানিয়া। কিন্তু স্থানীয় এক সাংসদের দাবি, পাকিস্তানের গৃহবধূ হয়ে সানিয়ার নাকি তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়াটা মানায় না। এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে এই সমালোচনার জবাব দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভারতীয় টেনিস তারকা। বলেন, ‘ভারতে জন্ম নিয়ে, সারাটা জীবন ভারতে কাটিয়েও আমাকে প্রমাণ করতে হচ্ছে আমি আদৌ ভারতীয় কি না। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে!’ এনডিটিভি।