সেই টরন্টোয় সোঙ্গার হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাঁর মুখে হাসিটা বেশি চওড়া, শিরোপাও জিতেছেন সেই জো-উইলফ্রায়েড সোঙ্গাই। পাশে টরন্টো মাস্টার্সে রানারআপ রজার ফেদেরার
যাঁর মুখে হাসিটা বেশি চওড়া, শিরোপাও জিতেছেন সেই জো-উইলফ্রায়েড সোঙ্গাই। পাশে টরন্টো মাস্টার্সে রানারআপ রজার ফেদেরার

দুই বছর আগে এই টরন্টো মাস্টার্সে (রজার্স কাপ) খেলতে এসে দুঃখের এক স্মৃতি সঙ্গী হয়েছিল জো-উইলফ্রায়েড সোঙ্গার। আনমনা হয়ে হাঁটতে গিয়ে রাস্তার পাশে আগুন নেভানোর জন্য বসানো পানির কলের সঙ্গে ধাক্কা খেয়ে চোট পেয়েছিলেন ডান হাঁটুতে। সেলাই পড়েছিল আটটি। বিদায়ও নিতে হয়েছিল প্রথম রাউন্ড থেকেই। সেই টরন্টো মাস্টার্সেই এবার ২৯ বছর বয়সী ফরাসি কাটালেন বিস্ময়কর একটা সপ্তাহ। যার শেষটা হলো গত পরশু ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে শিরোপা জিতে।
ফেদেরারের সঙ্গে জয়টাও সরাসরি সেটে। মাত্র এক ঘণ্টা ৪৫ মিনিটেই ৭-৫, ৭-৬ (৭-৩) গেমের জয় তুলে নিতে এইস মেরেছেন ১১টি। শিরোপার পথে সোঙ্গা হারিয়েছেন র্যাঙ্কিংয়ের শীর্ষ দশের চারজনকে। যাঁদের মধ্যে আছেন ‘বিগ ফোর’-এর তিনজনই। তৃতীয় রাউন্ডে র্যাঙ্কিংয়ে ১ নম্বর নোভাক জোকোভিচ, কোয়ার্টার ফাইনালে অ্যান্ডি মারের পর ফাইনালে ফেদেরারও হার মানলেন তাঁর কাছে।
ক্যারিয়ারের দ্বিতীয় মাস্টার্স শিরোপা জয়ের পথে হেরেছেন মাত্র একটি সেট। ট্রফি হাতে নেওয়ার পর স্বাভাবিকভাবেই সোঙ্গা ছিলেন উচ্ছ্বসিত, ‘যদি আপনি মনেপ্রাণে কিছু বিশ্বাস করেন, তা হবেই। এই সপ্তাহে যা অর্জন করেছি, তার জন্য আমি গর্বিত।’
এদিকে মন্ট্রিয়লে মেয়েদের বিভাগে শিরোপা জিতেছেন পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভানস্কা। ছোট বোন সেরেনা উইলিয়ামসকে প্রায় পাঁচ বছর পর হারিয়ে ফাইনালে উঠেছিলেন ভেনাস উইলিয়ামস। কিন্তু ফাইনালে তেমন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি। তাঁকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে প্রায় ১১ মাস পর শিরোপার স্বাদ পেয়েছেন রাদভানস্কা। এএফপি।