
আজ আরও একবার মুখোমুখি পুরুষ টেনিসের দুই মহারথী। এবার নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে, ইউএস ওপেনের ফাইনালে। শেষ হাসিটা কে হাসবেন—রজার ফেদেরার, নাকি নোভাক জোকোভিচ? ২০০৯ সালের পর এই প্রথম ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন ৩৪ বছর বয়সী ফেদেরার। তাঁর ১৭টি গ্র্যান্ড স্লামের সর্বশেষটি এসেছিল ২০১২ উইম্বলডনে। ২৮ বছর বয়সী জোকোভিচ এ বছর আগের তিনটি গ্র্যান্ড স্লামের দুটিই জিতেছেন, আজ নামছেন দশম গ্র্যান্ড স্লাম শিরোপার লক্ষ্য নিয়ে। সংখ্যায় এই দ্বৈরথের ইতিহাস
আজ ইউএস ওপেনের ফাইনালে গ্র্যান্ড স্লামে একে অন্যের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ (১৪) খেলার রেকর্ড হবে ফেদেরার-জোকোভিচের। এই দুই প্রতিপক্ষের মতো গ্র্যান্ড স্লামে ১৩ বার মুখোমুখি হয়েছেন জোকোভিচ-নাদালও।
এই ইউএস ওপেনেই গ্র্যান্ড স্লামে টানা সবচেয়ে বেশি, ৫ বার মুখোমুখি হওয়ার রেকর্ড গড়েছেন ফেদেরার-জোকোভিচ (২০০৭ থেকে ২০১১)।
উন্মুক্ত যুগে ইউএস ওপেনে সবচেয়ে বেশি (৫ বার) মুখোমুখি হওয়ার রেকর্ডটা তিন জোড়া প্রতিপক্ষের—ফেদেরার-জোকোভিচ, লেন্ডল-ম্যাকেনরো ও কনর্স-লেন্ডল। আজ সবার ওপরে উঠে যাবেন ফেদেরার-জোকোভিচ।
আজ জিতলে ৪৪ বছরের মধ্যে ইউএস ওপেনে সবচেয়ে বেশি বয়সী চ্যাম্পিয়ন হবেন ৩৪ বছর বয়সী ফেদেরার। ১৯৭০ সালে অস্ট্রেলিয়ার কেন রোজওয়াল জিতেছিলেন ৩৫ বছর বয়সে।
ছেলেদের এককে তৃতীয় খেলোয়াড় হিসেবে একই বছরে চারটি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন জোকোভিচ। উন্মুক্ত যুগে তাঁর আগে এই কীর্তি ছিল রড লেভার ও রজার ফেদেরারের।
আজ জিতলে সেটি হবে এ বছর জোকোভিচের তৃতীয় গ্র্যান্ড স্লাম। ২০১১ সালেও জিতেছিলেন তিনটি গ্র্যান্ড স্লাম। উন্মুক্ত যুগে জোকোভিচসহ যা জিতেছেন মাত্র পাঁচজন। একাধিকবার শুধুই ফেদেরার। ২০০৪, ২০০৬ ও ২০০৭ সালে তিনটি করে গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছিলেন সুইস কিংবদন্তি।
উইম্বলডনের ফাইনালে হারের পর থেকে টানা ২৮টি সেট হারেননি ফেদেরার।
দুজনের সর্বশেষ দেখা হয়েছিল এ বছর সিনসিনাটি মাস্টার্সে, জিতেছিলেন ফেদেরার। তবে ইউএস ওপেনে
সর্বশেষ দুবারের দেখাতেই জয় জোকোভিচের।
রজার ফেদেরার
নোভাকের বিপক্ষে আমার লড়াইটা হয় একেবারে সরাসরি। দ্বৈরথের এই ব্যাপারটাই আমার পছন্দ। আমার মনে হয়, আমার বিপক্ষে খেলতে হলে ওকে খুব বেশি মানিয়ে নিতে হয় না। আমাদের লড়াইটা খুব অ্যাথলেটিক। আমরা দুজনই একে অন্যকে বেশ ভালোভাবে সামলাতে পারি। যেভাবেই খেলি না কেন, আমাদের মধ্যে সমানে সমানে লড়াই হয়।
এই বছরটা দারুণ কেটেছে নোভাকের। অনেক দিন ধরেই সে হার্ড কোর্টে সেরা খেলোয়াড়দের একজন। মানসিকভাবে সে অনেক শক্ত, আপনাকে কোনো ছাড় দেবে না। আমার এই চ্যালেঞ্জটা পছন্দ, আমিও তৈরি থাকব।
যুক্তরাষ্ট্রে আমি সব সময় ভালো সমর্থন পাই। এবারও যদি আমার পক্ষে বেশি সমর্থন থাকে, সেটা আমাকে একটা বাড়তি শক্তি ও ছন্দ দেবে। ম্যাচটাতেও তা প্রভাব ফেলতে পারে। তবে কথা হলো, নোভাক অসাধারণ একজন খেলোয়াড়। আমরা দুজনই অনেক কঠিন কন্ডিশনে খেলেছি। ওকে হারাতে হলে আপনাকে সেরাটা দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই।
নোভাক জোকোভিচ
আমরা সবাই জানি, ফেদেরার কতটা ধারাবাহিক এবং গ্র্যান্ড স্লাম কিংবা বড় টুর্নামেন্টের শেষ পর্যায়ে সে কতটা ভালো খেলে। সর্বোচ্চ পর্যায়ে সে সব সময় পারফর্ম করে। ওর বিপক্ষে সব সময়ই আপনাকে সেরাটা খেলতে হবে। ইদানীং সে আরও আক্রমণাত্মক হয়েছে, গতি বেড়েছে। ওর রক্ষণাত্মক খেলাটাও আগের চেয়ে অনেক ভালো, সম্ভবত শক্তিশালীও।
ইউএস ওপেনের ফাইনালে আমি খুব একটা সফল নই। তবে এই কোর্টে এখন আমি আমার সেরা খেলাটাই খেলছি। এটুকু নিশ্চয়তা দিতে পারি, ফাইনালে সামর্থ্যের সবটুকুই দেব। আমি ফলটা অনুমান করতে পারছি না, কিন্তু আমি যে সেরাটা খেলব তাতে কোনো সন্দেহ নেই।
এখন পর্যন্ত আমার টুর্নামেন্টটা দারুণ কেটেছে। আমি ইতিবাচক টেনিস খেলছি, নিজের শটগুলো খেলতে পারছি। এখন পর্যন্ত এটা কাজে দিয়েছে। আশা করছি আরও একবার কাজে দেবে।
মুখোমুখি
| ফেদেরার | জোকোভিচ | |
| ২১ | মোট জয় | ২০ |
| ৬ | গ্র্যান্ড স্লাম | ৭ |
| ৬ | ফাইনাল | ৯ |
| ১ | গ্র্যান্ড স্লাম ফাইনাল | ২ |
| ৩ | ইউএস ওপেন | ২ |
| ২ | ২০১৫ সালে | ৩ |
২০১৫ ইউএস ওপেনে
| জোকোভিচ | ফেদেরার | |
| ৬ | ম্যাচ | ৬ |
| ৩৬.৫ | প্রতিপক্ষের গড় র্যাঙ্কিং | ২৬.৫ |
| ১৮/২ | সেট জয়/হার | ১৮/০ |
| ১১৮/৫৮ | গেম জয়/হার | ১১১/৫২ |
| ৪৫ | এইস | ৬৮ |
| ১০৩ | নেট পয়েন্ট | ১১০ |
| ৪ | সরাসরি সেটে জয় | ৬ |
| ১-০ | টাইব্রেকার রেকর্ড | ৩-০ |