খাদের কিনার থেকে ফিরে সেমিফাইনালে ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ১৮তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে আরেক ধাপ এগোলেন ফেদেরার। ছবি: এএফপি।
নিজের ১৮তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে আরেক ধাপ এগোলেন ফেদেরার। ছবি: এএফপি।

নোভাক জোকোভিচ চলে গেছেন দুই রাউন্ড আগে। রাফায়েল নাদাল তো টুর্নামেন্ট শুরু আগেই সরে গেছেন। নিজের সোনালি সময় ফেলে আসা রজার ফেদেরারের এর চেয়ে ভালো সুযোগ আর পেতেন না। অষ্টম উইম্বলডন জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ফেদেরার। ক্রোয়েশিয়ান মারিন চিলিচকে হারিয়ে উইম্বলডনের সেমিতে চলে এলেন পুরুষ এককে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়।

তবে গল্পটা অন্যভাবেও লেখা হতে পারত আজ। ম্যাচ তো হেরেই বসেছিলেন ফেদেরার। চতুর্থ সেট তখন গড়িয়েছে টাইব্রেকারে। ৫-৩-এ এগিয়েও ছিলেন ফেদেরার। এরপরই রং বদলাল ম্যাচ, এগিয়ে গেলেন চিলিচ। ম্যাচ জিততে শুধু একটি পয়েন্ট দরকার ছিল তাঁর। কিন্তু তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ম্যাচে ফিরলেন ফেদেরার। চতুর্থ সেট জিতে ম্যাচ নিলেন পঞ্চম সেটে (১১/৯)।
এভাবে বিদায়ের শঙ্কা জাগানোর দায় অবশ্য ফেদেরারেরই। প্রথম দুই সেটেই চিলিচের কাছে হেরে গিয়েছিলেন ৭-৬ (৭/৪), ৬-৪ গেমে। তৃতীয় সেটেও ৩-৩ গেমে সমতা টেনে জয়ের পথে এগিয়ে যাচ্ছিলেন চিলিচ। এরপরই যেন ঘোর ভাঙে ফেদেরারের। তৃতীয় সেটে আর কোনো গেম হারেননি, সেটটি জেতেন ৬-৩ গেমে।
চতুর্থ সেটে রীতিমতো মহারণে নামলেন দুজন। চিলিচ, ফেদেরার দুজনই নিজ নিজ সার্ভ জিতে সেটটি নিয়ে যান টাইব্রেকে। তারপর তো স্নায়ুক্ষয়ী সেই টাইব্রেকার। পঞ্চম সেটেও শুরুতে সমানে সমানে লড়েছেন দুজন। কিন্তু চিলিচের সার্ভিস ব্রেক করে ৫-৩ করে ফেলেন ফেদেরার। ম্যাচের জন্য সার্ভ করতে নেমে কোনো ভুল করেননি ফেদেরার। ৬-৭ (৪/৭), ৪-৬, ৬-৩, ৭-৬ (১১/৯), ৬-৩ গেমে চিলিচকে হারিয়ে সেমিতে চলে গেলেন ফেদেরার।
সেমিতে ফেদেরারের প্রতিপক্ষ মিলোস রাওনিচ। দিনের অন্য কোয়ার্টার ফাইনালে কানাডিয়ান রাওনিচ ৬-৪, ৭-৫, ৫-৭, ৬-৪ গেমে হারিয়েছেন জোকোভিচকে হারিয়ে চমক জাগানো স্যাম কোয়েরিকে।