
গতবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেই গ্র্যান্ড স্লাম জয়ের খাতা খুলেছেন স্তানিস্লাস ভাভরিঙ্কা। তবে সোমবার থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফিটা ধরে রাখতে হলে সেমিফাইনালে বেশ বড় বাধাই তাঁকে পেরোতে হবে। সম্ভাব্য প্রতিপক্ষ পুরুষদের টেনিসের এক নম্বর নোভাক জোকোভিচ। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের ড্রয়ে জোকোভিচ এক ও ভাভরিঙ্কা চার নম্বর বাছাই হিসেবে জায়গা পাওয়ার পর উঁকি দিচ্ছে এই অগ্নিগর্ভ সেমিফাইনালের সম্ভাবনা। তার আগে ভাভরিঙ্কাকে কোয়ার্টার ফাইনালে পেরোতে হতে পারে কেই নিশিকোরি-বাধা।
দ্বিতীয় বাছাই রজার ফেদেরারের জন্যও সমীকরণটা বেশ কঠিন। শেষ আটে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই অ্যান্ডি মারে। তৃতীয় বাছাই রাফায়েল নাদাল শেষ আটে পেতে পারেন সপ্তম বাছাই টমাস বার্ডিচকে।
পাঁচবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেও ২০১০ সালের পর আর এ ট্রফি ছুঁয়ে দেখা হয়নি সেরেনা উইলিয়ামসের। এবার অবশ্য শিরোপার অন্যতম দাবিদার ১৮টি গ্র্যান্ড স্লামের মালিক এই মার্কিন টেনিসকন্যা। শিরোপার পথে তাঁর সবচেয়ে বড় বাধা হতে পারেন বান্ধবী ক্যারোলিন ওজনিয়াকি। গতকালের ড্র সম্ভাবনা জাগিয়েছে কোয়ার্টার ফাইনালেই দুই বান্ধবীর সাক্ষাতের। গত বছর ইউএস ওপেনের ফাইনালে ওজনিয়াকিকে হারিয়েই শিরোপা জেতেন সেরেনা। এএফপি, রয়টার্স।
দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন কানাডার উদীয়মান তারকা
ইউজিনি বুশারকে। তৃতীয় বাছাই রোমানিয়ার সিমোনা হালেপের সঙ্গে শেষ আটে দেখা হতে পারে পঞ্চম বাছাই আনা ইভানোভিচের।