সেমিতেইমারে-নাদাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিপি সার্কিটে দুজনে মুখোমুখি হয়েছেন ২৪ বার। অ্যান্ডি মারের বিপক্ষে জয়ের পাল্লাটা রাফায়েল নাদালের দিকেই নিরঙ্কুশ হেলে আছে। মারের ৭টি জয়ের বিপক্ষে নাদালের জয় ১৭টি। তবে সর্বশেষ সাক্ষাতে স্প্যানিশ প্রতিপক্ষকে হারিয়েছিলেন মারে। দুজনের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান আলোচনায় আসার কারণ উইম্বলডনের ড্র। আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্লামের ড্র একই অর্ধে ফেলেছে র‍্যাঙ্কিংয়ের দুই শীর্ষ তারকা—এক নম্বর মারে ও দুই নম্বর নাদালকে। টুর্নামেন্টে দুজনের জয়যাত্রা অব্যাহত থাকলে সেমিফাইনালেই দেখা হয়ে যাবে মারে-নাদালের। আরেক অর্ধে পড়েছেন ‘বিগ ফোরের’ অন্য দুই তারা—রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ।

অবাছাই প্রতিযোগীর সঙ্গে খেলে টুর্নামেন্ট শুরু করবেন মারে। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ পর্তুগালের জোয়াও সুজা ও জার্মানির ডাস্টিন ব্রাউন। সার্বিয়ার জোকোভিচকে তৃতীয় রাউন্ডের বড় একটা বাধা উতরাতে হতে পারে। এই রাউন্ডে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রো।

এ বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে নতুন করে নিজেকে চেনানো ফেদেরার শক্ত বাধার সামনে পড়বেন চতুর্থ রাউন্ডে। সম্ভাব্য প্রতিপক্ষ ‘বেবি ফেদেরার’খ্যাত গ্রিগর দিমত্রভ। কোয়ার্টার ফাইনালে নেটের অন্য প্রান্তে পেতে পারে ২০১৬ উইম্বলডনের রানারআপ মিলোস রাওনিচ কিংবা আলেক্সান্ডার জভেরভ।

বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস এবং সাবেক চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভার অনুপস্থিতিতে উইম্বলডনের মহিলা বিভাগটা উন্মুক্ত হয়ে গেছে। শীর্ষ বাছাই অ্যাঞ্জেলিক কারবার শেষ আটেই পেয়ে যেতে পারেন সভেতলানা কুজনেতসভাকে। শেষ চারে ক্যারোলিনা প্লিসকোভার। অন্য অর্ধে শেষ চারে মুখোমুখি হওয়ার সম্ভাবনা গত ফ্রেঞ্চ ওপেনের বিস্ময় লাটভিয়ার ইয়েলেনা অস্তাপেঙ্কো ও রোমানিয়ার সিমোনা হালেপের। এএফপি, রয়টার্স।