সেমিফাইনালেই জোকোভিচ-ভাভরিঙ্কা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নোভাক জোকোভিচ ও স্তানিসলাস ভাভরিঙ্কা। এবার উইম্বলডনে এক ধাপ আগে, সেমিফাইনালেই দেখা হয়ে যেতে পারেন দুজনের। গতকাল হওয়া উইম্বলডনের ড্রয়ে তাঁরা পড়েছেন একই অর্ধে। ‘বড় চার’—এর অন্য তিনজন—রজার ফেদেরার, অ্যান্ডি মারে এবং রাফায়েল নাদাল পড়েছেন আরেক অর্ধে।
২৯ জুন শুরু উইম্বলডনে শীর্ষ বাছাই জোকোভিচ শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবেন জার্মানির ফিলিপ কোলশ্রাইবারের বিপক্ষে ম্যাচ দিয়ে। দ্বিতীয় রাউন্ডে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ শেষবারের মতো উইম্বলডন খেলতে যাওয়া লেটন হিউইট। বাছাই তারকাদের জয়যাত্রা অব্যাহত থাকলে শেষ ষোলোয় জোকোভিচ দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের, ইউএস ওপেন চ্যাম্পিয়ন মার্টিন চিলিচ পঞ্চম বাছাই জাপানের কেই নিশিকোরির, ভাভরিঙ্কা ডেভিড গোভিনের এবং গ্রিগর দিমিত্রভ মিলোস রাওনিচের মুখোমুখি হবেন। সেমিফাইনালে ভাভরিঙ্কার সামনে পড়ার আগে শেষ আটে জোকোভিচের মুখোমুখি হতে পারেন নিশিকোরি।

পরশু লন্ডনের কেনসিংটনে প্রাক-উইম্বলডন ‘পার্টিতে’ সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা ও আনা ইভানোভিচ। তারার এই মেলা বসায় উইমেনস টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লুটিএ) l এএফপি
পরশু লন্ডনের কেনসিংটনে প্রাক-উইম্বলডন ‘পার্টিতে’ সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা ও আনা ইভানোভিচ। তারার এই মেলা বসায় উইমেনস টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লুটিএ) l এএফপি

ফ্রেড পেরির পর প্রথম ব্রিটিশ হিসেবে ২০১৩ সালে উইম্বলডন জেতা অ্যান্ডি মারের জন্য এবারের উইম্বলডন রীতিমতো অগ্নিপরীক্ষা। চতুর্থ রাউন্ড, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে তৃতীয় বাছাই মারের সম্ভাব্য প্রতিপক্ষ জো-উইলফ্রায়েড সোঙ্গা, এক দশকের মধ্যে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের সেরা পাঁচের বাইরে চলে যাওয়া দশম বাছাই রাফায়েল নাদাল এবং রেকর্ড ১৭ গ্র্যান্ড স্লামের মালিক দ্বিতীয় বাছাই রজার ফেদেরার।
মহিলা বিভাগের ড্র এক অর্ধে ফেলেছে পাঁচবারের চ্যাম্পিয়ন, শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস ও চতুর্থ বাছাই মারিয়া শারাপোভাকে। দুজনের জয়যাত্রা অব্যাহত থাকলে সেমিতেই দেখা হচ্ছে তাঁদের। এএফপি।