এ মাসেই অধরা ফ্রেঞ্চ ওপেন ধরা দিয়েছে নোভাক জোকোভিচের হাতে। সার্বিয়ান টেনিস তারকার গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারও পূর্ণতা পেয়েছে এতে। ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পুরো হয়েছে, এবার জোকোভিচকে ডাকছে ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম। ১৯৬৯ সালে রড লেভারের পর কোনো পুরুষ খেলোয়াড় বছরের চারটি গ্র্যান্ড স্লাম জিততে পারেননি। লেভারের কীর্তি ছুঁতে জোকোভিচকে জিততে হবে উইম্বলডন ও ইউএস ওপেন। ‘জোকার’ জোকোভিচ কি পারবেন?
সেই পথের তৃতীয় ধাপে উইম্বলডনে জোকোভিচের পথে বাধা হতে পারেন রজার ফেদেরার। কাল লন্ডনে অনুষ্ঠিত ড্রতে একই অর্ধে পড়েছেন জোকোভিচ ও ফেদেরার। সবকিছু ঠিকঠাক চললে সেমিফাইনালে দেখা হতে পারে টেনিসের দুই মহাতারকার। ড্রর অন্য অর্ধে পড়েছেন দুই নম্বর বাছাই ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে ও সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কা।
তিনবারের উইম্বলডন চ্যাম্পিয়ন জোকোভিচের প্রথম রাউন্ডের প্রতিদ্বন্দ্বী ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা ব্রিটিশ খেলোয়াড় জেমস ওয়ার্ড। মারে খেলবেন স্বদেশি লিয়াম ব্রডির বিপক্ষে। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরারের প্রথম বাধা আর্জেন্টিনার অবাছাই গিদো পেল্লা।
মেয়েদের বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকেও ডাকছে ইতিহাস। এবার সপ্তমবারের মতো উইম্বলডনটা জিতে গেলে স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের উন্মুক্ত যুগের রেকর্ড ছোঁবেন সেরেনা। সেই পথে তাঁর বড় বাধা আগ্নিয়েস্কা রাদভানস্কা। তৃতীয় বাছাই পোলিশ তারকার সঙ্গে সেরেনার দেখা হতে পারে সেমিফাইনালে।
সেরেনাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জেতা গারবিনিয়ে মুগুরুজার সম্ভাব্য সেমিফাইনাল প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কারবার। স্প্যানিশ মুগুরুজা প্রথম রাউন্ডে পেয়েছেন ইতালির কামিলা জর্জিকে। এএফপি।