সেরেনা-ওজনিয়াকি ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরেনা উইলিয়ামস ও ক্যারোলিন ওজনিয়াকি
সেরেনা উইলিয়ামস ও ক্যারোলিন ওজনিয়াকি

ইউএস ওপেনে সর্বশেষ তিন বছরই ফাইনালে খেলে সেরেনা শিরোপা জিতেছেন সর্বশেষ দুবারই। আজ জিতলে শুধু ‘হ্যাটট্রিক’ই করবেন না, ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা ছুঁয়ে ফেলবেন ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভাকে। এভার্ট-নাভ্রাতিলোভা দুজনেই জিতেছেন ১৮টি করে গ্র্যান্ড স্লাম। জিতলে সেরেনা ছুঁয়ে ফেলবেন উন্মুক্ত যুগে ইউএস ওপেনে এভার্টের সর্বোচ্চ ৬ শিরোপার রেকর্ডও। তবে ফাইনাল নিয়ে নয়, ওজনিয়াকি-সেরেনা দুজনের কণ্ঠেই ঝরল পেংয়ের প্রতি সমবেদনা।

প্রথম সেটে টাইব্রেকে হারার পর দ্বিতীয় সেটের শুরুতেই অসুস্থ হয়ে পড়েন পেং। মেডিকেল টাইমআউট নিয়ে চলে শুশ্রূষা। চিকিৎসকদের বারণ সত্ত্বেও ১০ মিনিট পরই কোর্টে ফিরে আসেন পেং। কিন্তু কয়েকটা পয়েন্ট খেলতেই লুটিয়ে পড়েন মাটিতে। ১৩ বছর বয়সেই একবার হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করিয়েছেন। সেই পেংয়ের এই লড়াকু মানসিকতায় তাঁর দেশ চীন মেতেছে পেং-বন্দনায়। পত্রপত্রিকাসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রশংসার জোয়ার বইছে। টুইট করা হয়েছে ৪ কোটিরও বেশি! একটা টুইট যেমন এ রকম, ‘তুমি চীনের মানুষের গর্ব!’ কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি লিখেছে, ‘আজ কেউ হারেনি—শুয়াই তোমাকে ধন্যবাদ। তুমি সেরা চেষ্টা করেছ!’

পেং নিজে বলেছেন, ‘চিকিৎসক বললেন, সত্যিই কোর্টে গিয়ে লড়াই করার মতো যথেষ্ট সুস্থ তুমি নও। কারণ তুমি ভালোভাবে তাকাতেই পারছ না। কিন্তু আমি বললাম, না, না, না। আমি ম্যাচ ছেড়ে দেব না। আমি আরেকবার চেষ্টা করব। তারপর আমি কোর্টে ফিরে আসি। জানতাম আমি দীর্ঘক্ষণ কোর্টে থাকতে পারব না। কিন্তু আমি শুধু তাকে আরেকবার চ্যালেঞ্জ জানাতে চেয়েছি।’ এএফপি।