সেরেনা-মুগুরুজা ফাইনাল

উইম্বলডন শুরুর আগে কেউ গারবিন মুগুরুজার কথা হয়তো ভাবেনইনি। ২০ নম্বর বাছাই সেই স্প্যানিশ খেলোয়াড় কাল আগ্নিয়েস্কা রাদভানস্কাকে ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে উঠে গেলেন ফাইনালে। এটি তাঁর প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা, ১৯ বছর পর কোনো স্প্যানিশ প্রতিযোগীকে ফাইনালে পেল গ্র্যান্ড স্লাম। ক্যারিয়ারে একটি মাত্র একক শিরোপাজয়ী মুগুরুজা এর আগে চতুর্থ রাউন্ডে ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে চমকে দিয়েছিলেন। ফেবারিট রাদভানস্কা ঘুরে দাঁড়িয়ে জিতে নিয়েছিলেন দ্বিতীয় সেটটি, অবশ্য তৃতীয় সেটে মুগুরুজার ঝোড়ো গতির কোনো জবাব দিতে পারেননি।
১৯৯৬ সালে আরাঞ্চা সানচেজ-ভিকারিওই সর্বশেষ স্প্যানিশ নারী যিনি খেলেছেন উইম্বলডনের ফাইনালে। তাঁর শিরোপা জয় অবশ্য তারও দুই বছর আগের ঘটনা। ১৯৯৪ সালে সর্বশেষ স্প্যানিশ নারী হিসেবে উইম্বলডন শিরোপা জেতেন কনচিটা মার্টিনেজ। ২১ বছর বয়সী মুগুরুজা প্রথমবারের মতো উইম্বলডন খেলছেন, কিন্তু স্নায়ুকে বশে রাখার আশ্চর্য এক ক্ষমতা তাঁর। আত্মবিশ্বাস সঙ্গী করে পুরো ম্যাচেই দাপট দেখিয়ে গেছেন এই ভেনেজুয়েলান বংশোদ্ভূত টেনিসকন্যা। শনিবারের ফাইনালে সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হবেন মুগুরুজা। কাল দ্বিতীয় সেমিফাইনালে মারিয়া শারাপোভাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন পাঁচবারের চ্যাম্পিয়ন সেরেনা। শারাপোভার বিপক্ষে এই নিয়ে টানা ১৭ ম্যাচ জিতলেন ২০টি গ্র্যান্ড স্লামজয়ী আমেরিকান। এএফপি, রয়টার্স।