২০১৩ উইম্বলডন ফাইনালেরই কি পুনরাবৃত্তি হতে যাচ্ছে এবার? সেবার নোভাক জোকোভিচকে হারিয়ে নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতেছিলেন অ্যান্ডি মারে, ফাইনালে ওঠার ওটা তাঁর সর্বশেষ সুখস্মৃতিও। কাল অস্ট্রেলিয়ান ওপেনে টমাস বার্ডিচকে হারিয়ে আবারও একটি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন মারে, আজ স্তানিস্লাস ভাভরিঙ্কাকে হারাতে পারলে সেখানে তাঁর সামনে দাঁড়াবেন জোকোভিচ।
প্রথম সেট জিতে কিন্তু অন্য রকম কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন চেক প্রজাতন্ত্রের বার্ডিচ। কিন্তু পরের তিন সেটেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান মারে, শেষ পর্যন্ত ৩ ঘণ্টা ২৬ মিনিটের ম্যাচ জিতে নেন ৬-৭ (৬), ৬-০,৬-৩,৭-৫ গেমে।
মেয়েদের বিভাগে মঞ্চস্থ হতে যাচ্ছে আরেকটি সেরেনা উইলিয়ামস-মারিয়া শারাপোভা ফাইনাল। সেমিফাইনালে সহজ জয় পেয়েছেন দুজনই, জিতেছেন সরাসরি সেটে। ১৯ বছর বয়সী ম্যাডিসন কিইসকে সেরেনা হারিয়েছেন ৭-৬ (৫,৬-২ গেমে)। আর একাতেরিনার মাকারোভার বিপক্ষে শারাপোভা জিতেছেন ৬-৩,৬-২ গেমে। রয়টার্স।