সেরেনা-সাফারোভা ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনালে উঠে গেলেন সাফারোভা l রয়টার্স
ফাইনালে উঠে গেলেন সাফারোভা l রয়টার্স

প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে গেলেন লুসি সাফারোভা। ২০০৮ সালের চ্যাম্পিয়ন আনা ইভানোভিচকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে ৩৪ বছরের মধ্যে প্রথম চেক নারী হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেন সাফারোভা। আগামীকালের ফাইনালে তাঁর প্রতিপক্ষ সেরেনা উইলিয়ামস। টেনিসের এক নম্বর সেরেনা কাল সেমিফাইনালে হারিয়েছেন সুইজারল্যান্ডের তিমিয়া বাসিনস্কিকে।
প্রথম সেটে একপর্যায়ে ইভানোভিচ এগিয়ে ছিলেন ৫-২ গেমে। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে প্রথম সেটটা ৭-৫ গেমে জিতে নেন ত্রয়োদশ বাছাই সাফারোভা। প্রথম সেটের শেষ ২৬ পয়েন্টের ২০টিই জিতেছেন তিনি। দ্বিতীয় সেটে দু-দুবার ম্যাচ পয়েন্টের সুযোগ হারানোর পর তৃতীয়বার আর ভুল করেননি সাফারোভা। সাফারোভার আগে সর্বশেষ ১৯৮১ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠেন সে সময়ের চেকোস্লোভাকিয়ার হানা মান্দলিকোভা। তিনি চ্যাম্পিয়নও হয়েছিলেন সেবার। এবার সাফারোভা পারবেন?
শনিবারের ফাইনালে কে জিতবে, সেটি পরের কথা, তবে প্রাক্-লড়াই নিরঙ্কুশ ফেবারিট সেরেনা। ফ্রেঞ্চ ওপেনে এটিই সাফারোভার প্রথম ফাইনাল। আর সেরেনার নামের পাশে ১৯টি গ্র্যান্ড স্লাম শিরোপা। যার দুটি ফ্রেঞ্চ ওপেনও (২০০২ ও ২০১৩)। গতকাল সেমিফাইনালের প্রথম সেটে অবশ্য পিছিয়ে পড়েছিলেন সেরেনা উইলিয়ামস। পরে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতেন ৪-৬, ৬-৩, ৬-০ গেমে।
এদিকে পুরুষ সেমিফাইনালে আজ মুখোমুখি ‘বড়’ চারের টিকে থাকা দুজন-নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। অন্য সেমিফাইনালে ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গা মুখোমুখি হচ্ছেন সুইজারল্যান্ডের স্তানিসলাস ভাভরিঙ্কার। সেমিফাইনালের চার প্রতিদ্বন্দ্বীকেই হাতছানি দিচ্ছে ফ্রেঞ্চ ওপেনের প্রথম শিরোপা। রোলাঁ গারোয় এবার নতুন রাজার অভিষেকই হচ্ছে। এএফপি।