সেরেনাও গেলেন

কান্নাভেজা চোখে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ। পুরুষ টেনিসের এক নম্বর খেলোয়াড়ের মতো পরশু রিও অলিম্পিক থেকে বিদায় নিলেন মেয়েদের এক নম্বর সেরেনা উইলিয়ামসও। অলিম্পিকে মেয়েদের টেনিসের বর্তমান চ্যাম্পিয়ন অবশ্য কাঁদেননি। জোকোভিচের মতো তাঁর তো আর অলিম্পিক সোনার হাহাকার নেই। অলিম্পিকে একক ও দ্বৈত মিলিয়ে চারটি সোনাজয়ী সেরেনাকে তৃতীয় রাউন্ড থেকে বিদায় দিয়েছেন ইউক্রেনের এলিনা সভিতোলিনা। নিজের চেয়ে ১৩ বছরের ছোট প্রতিদ্বন্দ্বীর কাছে সেরেনা হেরেছেন ৬-৪, ৬-৩ গেমে।
সেরেনার হারটাকে অবশ্য অঘটন বলা যাচ্ছে না। ৩৪ বছর বয়সী আমেরিকান তারকা রিওয়ে খেলেছেন ডান কাঁধের চোট নিয়ে। সেই চোট কটিয়ে সেরেনা যে পুরোপুরি ফিট নন, সেটি কোর্টে তাঁকে দেখেই বোঝা গেছে। তবে অলিম্পিক থেকে বিদায় নিয়েও কোনো আক্ষেপ নেই ২২টি গ্র্যান্ড স্লামের মালিকের, ‘আমি যেভাবে চেয়েছি সেভাবে হলো না। তবু আমি তো অন্তত রিওয়ে আসতে পেরেছি। এটাই (অলিম্পিকে আসা) আমার অন্যতম লক্ষ্য ছিল।’ এএফপি।