সেরেনাকে চমকে দিলেন কারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরেনা উইলিয়ামস-অ্যাঞ্জেলিক কারবার (ডানে), হাসছেন দুজনই। তবে কারবারের হাতে ধরে রাখা অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কার হাসিটা প্রকৃত আনন্দের, আর কার হাসিতে মিশে আছে বিষণ্নতা। কাল মেলবোর্ন পার্কে l এএফপি
সেরেনা উইলিয়ামস-অ্যাঞ্জেলিক কারবার (ডানে), হাসছেন দুজনই। তবে কারবারের হাতে ধরে রাখা অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কার হাসিটা প্রকৃত আনন্দের, আর কার হাসিতে মিশে আছে বিষণ্নতা। কাল মেলবোর্ন পার্কে l এএফপি

সেরেনা উইলিয়ামসের ফোরহ্যান্ড শট কোর্টের বাইরে গিয়ে পড়তেই মাটিতে শুয়ে পড়লেন। মুখ দুই হাতে ঢাকা। শরীরে কাঁপন। মুখ থেকে হাত যখন সরালেন, ঠোঁটে তাঁর দিগ্বিজয়ীর হাসি, চোখে জল। অ্যাঞ্জেলিক কারবারের কাছে এ এক অচেনা অনুভূতি। গ্র্যান্ড স্লাম জয়ের অনুভূতির সঙ্গে জার্মান টেনিস খেলোয়াড়টির পরিচয় যে এই প্রথম হলো!
মাইক্রোফোন হাতেও কী সরল স্বীকারোক্তি নতুন চ্যাম্পিয়নের, ‘স্বপ্ন সত্যি হলো। পুরোটা জীবন ধরে কঠোর পরিশ্রম করেছি। আমি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন—অবিশ্বাস্য!’
অবিশ্বাস কারবারের চোখে-মুখে ছিল, অবিশ্বাস ছিল কারবারের খেলায়ও। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কাল যে ম্যাচটা হলো, এই ধরনের ম্যাচগুলোকেই সম্ভবত ‘ধ্রুপদি’ বলে। আর তাতে কাল বর্তমান সময়ের নারী টেনিসের অবিসংবাদিত সেরা সেরেনা উইলিয়ামসকে ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা কারবারের। ১৬ বছর বয়সী নতুন শতাব্দীর প্রথম জার্মান গ্র্যান্ড স্লামজয়ী।
কারবারের জার্মান পরিচয়টি সামনে চলেই আসছে। কারণ কাল অদৃশ্য উপস্থিতি ছিল আরেক সাবেক জার্মান টেনিস খেলোয়াড়ের—স্টেফি গ্রাফ। কাল জিতলে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি (২২টি) গ্র্যান্ড স্লাম জয়ের তাঁর রেকর্ডে ভাগ বসাতেন সেরেনা। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না র্যাঙ্কিং শ্রেষ্ঠা মার্কিন। তাঁকে হারিয়ে দিলেন স্টেফিকেই আদর্শ মেনে বেড়ে ওঠা, স্টেফিরই স্বদেশি একটি মেয়ে।
ম্যাচজুড়েই চলেছে সার্ভিস ভাঙার খেলা। প্রথম সেটে জেতার পথে দুবার সেরেনার সার্ভিস ভাঙেন কারবার, সেরেনা কারবারের সার্ভিস ভেঙেছেন একবার। প্রায় পাঁচ বছর পর প্রথম কোনো গ্র্যান্ড স্লাম ফাইনালের প্রথম সেটে হারলেন সেরেনা। সর্বশেষ ২০১১ সালের উইম্বলডনে তাঁকে প্রথম সেটে হারিয়েছিলেন সামান্থা স্টোসুর। ওই ম্যাচে প্রথম সেটে হেরে ট্রফি হাতছাড়া করেছিলেন। সেই স্মৃতিই হয়তো জাগিয়ে তুলল সেরেনাকে। দ্বিতীয় সেটে তাই তাঁর অন্য রূপ। প্রথম সেটে যেখানে ‘আনফোর্সড এরর’ করেছিলেন ২৩টি, সেখানে দ্বিতীয় সেটে মাত্র ৫! সঙ্গে ১৬টি উইনার।
তবে কাল টেনিস তার সব রূপ-রস-সৌন্দর্য নিয়ে হাজির হয়েছিল তৃতীয় সেটে। এই এক সেটেই পাঁচবার একে অন্যের সার্ভিস ভেঙেছেন সেরেনা ও কারবার। ম্যাচের গতি মেনে হয়তো প্রকৃতিই ঠিক করে রেখেছিল, সার্ভিস ভেঙেই চ্যাম্পিয়ন হবেন কারবার।
হেরে গেছেন, তবে ম্যাচজুড়ে প্রতিটি মিনিটে, প্রতিটি পয়েন্টে ‘চ্যাম্পিয়ন’ শব্দটার ব্যাখ্যা দিয়ে গেলেন সেরেনা। নিজেই ম্যাচের পরে স্বীকার করেছেন, স্নায়ুচাপে ভুগছিলেন। পুরো ম্যাচে তাঁর আনফোর্সড এররও ছিল ৪৬টি, যেখানে কারবারের মাত্র ১৩টি! তবু চ্যাম্পিয়নের মতো করে শেষ মুহূর্ত পর্যন্ত ফিরে আসার চেষ্টা করেছেন ২১টি গ্র্যান্ড স্লামজয়ী। ম্যাচ শেষে কারবারকে অভিনন্দন জানানোর ভঙ্গিটাও প্রশংসাযোগ্য। হাত মেলাতে এসে বুকে জড়িয়ে ধরলেন নতুন চ্যাম্পিয়নকে। পরে মাইক্রোফোন হাতে বললেন, ‘ওকে প্রথম অভিনন্দন জানানো মানুষটি আমিই হতে চাই। পুরো টুর্নামেন্টেই অসাধারণ খেলেছ তুমি। ট্রফিটা তোমারই প্রাপ্য!’
আর কারবার? তখনো তাঁর চোখেমুখে অবিশ্বাসের খেলা। প্রথম গ্র্যান্ড স্লাম, র্যাঙ্কিংয়ে দুয়ে ওঠা, ১৬ বছর পর প্রথম জার্মান হিসেবে গ্র্যান্ড স্লাম জয়—সব অনুভূতির প্রকাশ হয়ে রইল তাঁর কান্নাচোখে হাসিমাখা মুখ। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।