
একের পর এক রেকর্ড মুঠোয় পুরছিলেন। এবারের ইউএস ওপেনের সেরেনা উইলিয়ামস নিজের করে নিয়েছেন নারী টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড। রজার ফেদেরারকে পেছনে ফেলে দখলে নিয়েছেন ছেলে-মেয়ে মিলিয়েই সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড। ডব্লুটিএ র্যাঙ্কিংয়ে টানা সবচেয়ে বেশি সপ্তাহ এক নম্বরে থাকার স্টেফি গ্রাফের রেকর্ডে এই সপ্তাহেই ভাগ বসিয়েছেন। এবার ইউএস ওপেনটা জিতলেই র্যাঙ্কিংয়ের মতোই গ্রাফকে ছাড়িয়ে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক হয়ে যেতেন সেরেনা। কিন্তু তা আর হলো কই!
পরশু মেয়েদের প্রথম সেমিফাইনালে প্রায় অখ্যাত ক্যারোলিনা প্লিসকোভার কাছে হেরে সবকিছু জলাঞ্জলি দিয়েছেন সেরেনা। ৬-২, ৭-৬ (৭/৫) গেমে হেরে সমাধি হয়েছে ২৩তম গ্র্যান্ড স্লামের জয়ের স্বপ্নের। একই সঙ্গে শেষ হয়েছে র্যাঙ্কিংয়ে ১৮৬ সপ্তাহের রাজত্বের। যে রাজত্বটা এখন অ্যাঞ্জেলিক কারবারের দখলে। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে এক নম্বর হবেন জার্মান তারকা।
এবারের মতো গতবারও ইউএস ওপেনে সেমিফাইনালেই থেমেছিলেন সেরেনা। গ্রাফ সামনে ছিলেন গতবারও। এক পঞ্জিকাবর্ষে সবগুলো গ্র্যান্ড স্লাম জিতে জার্মান টেনিস তারকার পাশে বসতে পারতেন সেরেনা। কিন্তু ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম জয়ের চাপটাই কাল হয় শেষ পর্যন্ত। শেষ চারে ইতালির রবার্তা ভিঞ্চি অবিশ্বাস্যভাবে হারিয়ে দিলেন তাঁকে।
এবার তো অত চাপ ছিল না। কিন্তু ‘অখ্যাত’ প্রতিপক্ষের অবিশ্বাস্য টেনিসের কাছেই হার মানতে হলো। দশম বাছাই প্লিসকোভার খেলা দেখে মনেই হয়নি নিজের প্রথম গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলছেন। ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়টা তুলে নিয়ে ছোটখাটো ইতিহাসেরও অংশ হয়েছেন প্লিসকোভা। তাঁর আগে সেই ১৯৯৩ সালে চেক প্রজাতন্ত্রের সর্বশেষ নারী খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন হেলেনা সুকোভা। তাঁকে অবশ্য চ্যাম্পিয়ন হতে দেননি স্টেফি গ্রাফ। আজ ফাইনালে কি চেকদের হয়ে প্রতিশোধ নিতে পারবেন প্লিসকোভা? এবারও প্রতিপক্ষ একজন জার্মান—অ্যাঞ্জেলিক কারবার।
ফাইনালে কী হয় জানা যাবে আজ রাতেই। তবে সেমিফাইনালে কোমর বেঁধেই নেমেছিলেন প্লিসকোভা, ‘আমি যেকোনো কিছুর জন্যই প্রস্তুত ছিলাম। যদি দ্বিতীয় সেটটা হেরে যেতাম তাতেও কিছু এসে যেত না। আমি তৃতীয় সেট খেলার জন্য প্রস্তুতই ছিলাম।’
কিন্তু ম্যাচ তৃতীয় সেটে গড়ালেও কি বদলাত সেরেনার ভাগ্য? আগের রাতেই কোয়ার্টার ফাইনালে সিমোনা হালেপকে তিন সেটের লড়াইয়ে হারান ৩৪ বছর বয়সী সেরেনা। ওই ক্লান্তিই কি ভর করেছিল শেষ চারে? সেরেনা ক্লান্তি বা অবসাদকে দোষ দিচ্ছেন না। তবে চোটগ্রস্ত বাঁ হাঁটুকে দোষ না দিয়ে থাকতে পারেননি, ‘বাঁ হাঁটুর চোটকে গুরুতর না বলে উপায় নেই। যেভাবে চাইছিলাম সেভাবে নড়তে পারছিলাম না। চোটে পড়লে চিন্তাটা শুধু খেলা কিংবা শটেই সীমাবদ্ধ থাকে না। আমার চিন্তাভাবনাটা বিক্ষিপ্ত হয়ে পড়েছিল।’ তবে প্লিসকোভার প্রশংসা করতেও ভোলেননি সেরেনা, ‘ক্যারোলিনা (প্লিসকোভা) আজ অসাধারণ খেলেছে। সে যদি এর চেয়ে খারাপ খেলত, তাহলেই হয়তো আমার কোনো সুযোগ থাকত।’
সেরেনার কোচ প্যাট্রিক মুরাতোগলুর চোখে চোটই আসল ‘ভিলেন’। তৃতীয় সেট হলে নাকি আর কোনো গেমই জিততেন না সেরেনা, ‘যদি তৃতীয় সেট হতো, ফলাফল হতো ৬-০।’
অন্য সেমিফাইনালে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কারবার। এএফপি।