সেরেনাতেই আস্থা হিঙ্গিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। তাঁর যে ফর্ম, তাতে কাল শুরু হওয়া উইম্বলডনেরও সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হচ্ছে তাঁকে। অল ইংল্যান্ড ক্লাবে এবার সাফল্যে পেলে দ্বিতীয়বারের মতো টানা চারটি গ্র্যান্ড স্লাম জয়ের চক্র পূরণ করবেন সেরেনা উইলিয়ামস। আমেরিকান তারকা যখন এই ‘সেরেনা স্লাম’ পুনরাবৃত্তির খুব কাছে, তাঁকে নিয়ে আরও বড় ছবি আঁকছেন মার্টিনা হিঙ্গিস। টেনিসের সাবেক এক নম্বর সুইস খেলোয়াড় বলছেন, ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম বা একই বছরে চারটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিরও জন্ম দেবেন সেরেনা।
৩৩ বছর বয়সেও যেভাবে খেলছেন, আর যে সাফল্যক্ষুধা, তাতেই সেরেনাকে নিয়ে বিশ্বাসের ভিত্তিভূমি তৈরি হয়েছে হিঙ্গিসের। গত দুই বছর উইম্বলডনে চতুর্থ এবং তৃতীয় রাউন্ডে বিদায় নিলেও হিঙ্গিস এবার সেরেনাকে নিয়ে নিশ্চিত, ‘সাফল্যের জন্য সে আরও বেশি ক্ষুধার্ত। আগের দুবারের ব্যর্থতা তার ক্ষুধা আরও বাড়িয়ে দিয়েছে। একই বছরে চারটি গ্র্যান্ড স্লাম জয় কেউ যদি করে দেখাতে পারে, সে অবশ্যই সেরেনা।’
২০০২ ও ২০০৩ সালে টানা চারটি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সেরেনা। কিন্তু সেই চার শিরোপা একই বছরে ছিল না। উইম্বলডন জিতলে দ্বিতীয়বারের মতো চারটি টানা গ্র্যান্ড স্লাম বা ‘সেরেনা স্লাম’-এর পুনরাবৃত্তি হবে তাঁর। এএফপি।