সেরেনার টানা ১৮?

১৫ বছরের ক্যারিয়ারে মারিয়া শারাপোভার গ্র্যান্ড স্লাম শিরোপা মাত্র পাঁচটি। নামের পাশে আরও বেশি শিরোপা না থাকার জন্য রুশ টেনিস তারকা দায়ী করতে পারেন সেরেনা উইলিয়ামসকে! ২০০৪ সালের পর যেখানেই সেরেনার মুখোমুখি হয়েছেন, হেরে গেছেন শারাপোভা। সব মিলিয়ে ২০ বারের মুখোমুখি লড়াইয়ে ১৮টিতেই জিতেছেন সেরেনা, শারাপোভা মাত্র ২টিতে। রুশ তারকার জন্য আরও অস্বস্তিকর তথ্য, সেরেনার বিপক্ষে সর্বশেষ ১৭ ম্যাচের একটিতেও জেতা হয়নি তাঁর!
গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে এবং উইম্বলডনের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন তাঁরা। এবার একটু আগে, কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাচ্ছে দুজনের। রুশ তারকার ওপর তাঁর আধিপত্যের ধারা যে এবারও বজায় থাকবে, প্রকারান্তরে সেটিই জানিয়ে দিলেন সেরেনা, ‘আমার খেলা নিয়ে এ মুহূর্তে খুব আত্মবিশ্বাসী, তাতে প্রতিপক্ষ যেই হোক না কেন।’ তবে আজকের ম্যাচে প্রতিপক্ষের চেয়ে তাঁর ওপরই চাপটা বেশি বলেই মনে করেন সেরেনা, ‘যে টানা জিতে যাচ্ছে, তার ওপরই তো চাপটা থাকে, কারণ তাকে নিয়ে প্রত্যাশাও বেশি। আর যে টানা হেরে যাচ্ছে, তার নতুন করে হারানোর কিছু নেই।’ টেনিসডটকম।