প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপেক্ষা একটি মাত্র গ্র্যান্ড স্লামের। তাহলেই উন্মুক্ত যুগে স্টেফি গ্রাফের সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন সেরেনা উইলিয়ামস, গড়বেন ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামের কীর্তিও। কোর্টের খেলায় কী হবে তা সময়ই বলে দেবে। তবে এবারের ইউএস ওপেন সেরেনাকে দুটি মাইলফলকের হাতছানি তো দিচ্ছেই। ফাইনালে সেরেনা খেলছেন ধরে নিয়ে মেয়েদের এককের ফাইনালের সব টিকিট দর্শকেরা কিনে নিয়েছে পুরুষ এককের আগেই। আয়োজকদের কাছে পূর্ণাঙ্গ রেকর্ড না থাকলেও ধারণা করা হচ্ছে, এবারই প্রথম এমন ঘটনা ঘটল। শুধু কি তাই! যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশনের ভাষ্যমতে, এবার মেয়েদের এককের ফাইনালের টিকিট স্বাভাবিক সময়ের চেয়ে তিন গুণ দ্রুতগতিতে ফুরিয়ে গেছে। এবার মেয়েদের এককের ফাইনাল হবে ১২ সেপ্টেম্বর ও এক দিন পরই পুরুষ এককের ফাইনাল। ইএসপিএন।