সেরেনার তেইশ, না ভেনাসের আট?

গল্পটা এখানেই শুরু হয়েছিল। এই মেলবোর্ন পার্কে, ১৯৯৮ অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে। পারিবারিক দ্বৈরথে সেদিন ছোট বোন সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে উড়িয়ে দিয়েছিলেন এক বছরের বড় বোন ভেনাস।
পরদিন নিউইয়র্ক টাইমস-এর প্রথম পাতায় একটা ছবি ছাপা হয়েছিল, হেরে যাওয়া ছোট বোনকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন বড় বোন। সেই মেলবোর্ন পার্কে ১৯ বছর পর আজ যখন আরও একবার মুখোমুখি হতে যাচ্ছেন দুজন, ভেনাসের নামের পাশে ৭টি গ্র্যান্ড স্লাম। আর সেরেনা? বড় বোনকে অনেক আগেই ছাড়িয়ে টেনিসের সর্বকালের সেরাদের একজন। ২২টি গ্র্যান্ড স্লাম নিয়ে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী স্টেফি গ্রাফের পাশে। আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল জিতলে স্টেফি পেছনে পড়ে যাবেন, সামনে থাকবেন শুধু সব মিলিয়ে ২৪টি গ্র্যান্ড স্লামজয়ী মার্গারেট কোর্ট। বোনকে হারিয়েই কি ইতিহাসে নাম লেখাবেন সেরেনা?
মুখোমুখি লড়াইয়ে সেরেনা ১৬-১১ ব্যবধানে এগিয়ে। শুধু গ্র্যান্ড স্লামের ফাইনাল ধরলেও সেরেনা এগিয়ে থাকেন ৬-২ ব্যবধানে। বোঝাই যাচ্ছে, আজকের ফাইনালে সেরেনাই একতরফা ফেবারিট। তবে বড় বোনকে তো জন্মের পর থেকেই দেখছেন। তাঁর সামর্থ্যও তাই ভালোই জানা সেরেনার। নইলে িক আর বলেন, ‘সে-ই আমার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। ভেনাস আমাকে যতবার হারিয়েছে, অন্য কেউ এতবার হারাতে পারেনি। আমি যখন ওর বিপক্ষে খেলি, তখন মনে হয় সেরা প্রতিপক্ষের বিপক্ষে খেলছি।’
ভেনাস সর্বশেষ গ্র্যান্ড স্লাম ফাইনালে খেলেছিলেন ২০০৯ উইম্বলডনে। বোন সেরেনার কাছেই ওই ম্যাচেও হেরেছিলেন সরাসরি সেটে। গ্র্যান্ড স্লামে দুই বোন সর্বশেষ মুখোমুখি হয়েছেন ২০১৫ ইউএস ওপেনে। কোয়ার্টার ফাইনাল ম্যাচটি সেরেনা জিতে নেন ৬-২, ১-৬, ৬-৩ গেমে। ৩০ পেরোনোর পর সেরেনা যতটা ধারালো হয়েছেন, ভেনাসের ফর্ম ততটাই পড়েছে। সঙ্গে চোট আর ‘শোগ্রেন সিনড্রোমের’ থাবাও ছিল। তবে সব জয় করেই এবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ভেনাস। এই হার না-মানা মানসিকতার কারণে ছোট বোনের কাছে তিনি এরই মধ্যে ‘চ্যাম্পিয়ন’ হয়ে গেছেন, ‘আমি সব সময় ওর পাশে ছিলাম। আমি জানি সে কী অবস্থার মধ্য দিয়ে গেছে। সে ফাইনালে জিতুক বা হারুক, আমার কাছে সে এরই মধ্যে জয়ী। আমি খুব খুশি ওর জন্য। ফল যা-ই হোক, একটা ব্যাপার নিশ্চিত, এ ম্যাচে আমিও হারব না, সেও হারবে না।’
আরেকটা ব্যাপারও নিশ্চিত। অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফিটা উইলিয়ামস পরিবারেই যাচ্ছে! রয়টার্স।